সকালে গোপালগঞ্জ, সেখান থেকে চট্টগ্রাম ঘুরে ফেনী। সন্ধ্যায় ঢাকা। কাল ঝটিকা হেলিকপ্টার সফরে ঢাকার বাইরে তিন ভেন্যু দেখে এল বাফুফে ও ক্লাব কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল।
আজ সংবাদমাধ্যমকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাবে বাফুফে। তবে প্রতিনিধিদলের অন্যতম সদস্য বাফুফের সহসভাপতি বাদল রায় জানালেন, তিনটি ভেন্যুতেই কিছু না-কিছু সমস্যা আছে। সেসব সমাধানের জন্য ভেন্যু-সংশ্লিষ্টদের সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে মাঠ ঠিকঠাক না হলে ভেন্যু বাতিল। তবে ভেন্যু রাখারই সর্বাত্মক চেষ্টা করবে বাফুফে।
গোপালগঞ্জের মাঠ ছোট। তবে মাঠ বড় করার জায়গা আছে। যদিও মাঠ বড় করলে গ্যালারি গায়ে গায়ে লেগে যাবে, নিরাপত্তার অভাব দেখা দিতে পারে। তবে এই সমস্যা সমাধানযোগ্যই মনে করছে প্রতিনিধিদল।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ভালো। কিন্তু মাঠের মাঝখানে বেশ কয়েকটি ক্রিকেট পিচ। ওই পিচে এখন স্থানীয় প্রথম বিভাগ ফুটবল চলছে। তবে পেশাদার লিগ নাকি সম্ভব নয় ওই মাঠে। আবার পিচও এখন তুলে ফেলা সম্ভব নয়। খেলতে হলে পিচের ওপরই খেলতে হবে এবং সে জন্য যতটা সম্ভব ঢেকে দেওয়া হবে পিচ।
ফেনীর ব্যাপারটা ভিন্ন। সেখানে বড় সংস্কারের প্রয়োজন দেখছে প্রতিনিধিদল। মাঠ ছোট, ড্রেসিংরুম ভালো নয়। স্টেডিয়ামটা পরিত্যক্ত কোনো বাড়ির মতো। সামান্য একটু চুনও লাগানো হয়নি এত দিনে। এখন ভেন্যু রাখার স্বার্থে স্থানীয় আয়োজকেরা সংস্কারের উদ্যোগ নিলে ফেনীর ভেন্যু টিকে থাকবে। নইলে তিন ভেন্যুর মধ্যে এটিই সবচেয়ে আগে বাতিল হয়ে যেতে পারে।
বাদল রায় বলছেন, ‘আমরা চাই ঢাকার বাইরে ভেন্যু থাকুক। একই সঙ্গে এটাও ঠিক, ভেন্যুর সংস্কারও দরকার। আমরা একটা সুপারিশ দেব বাফুফের নির্বাহী কমিটির কাছে, তারপর নির্বাহী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, সদস্য শেখ মারুফ হাসান। সঙ্গে ছিলেন ক্লাব সমিতির আহ্বায়ক ও শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের, আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইয়াহিয়া।
শেখ জামাল ও মোহামেডান কয়েক দিন আগে ঢাকার বাইরে বাংলাদেশ লিগের ম্যাচ খেলতে আপত্তি তোলার পরই কালকের ওই হেলিকপ্টার-ভ্রমণ। যার অংশ হয়ে মনজুর কাদের চান, সবকিছু আগে ঠিক করা হোক, তারপর তিনি শেখ জামাল ধানমন্ডিকে খেলতে পাঠাবেন ঢাকার বাইরে।