ফেবারিট, ফেবারিট নই
বোদ্ধাদের কলমে স্পেন, বাজিকরদের বাজিতে স্পেন, সাধারণ ফুটবল অনুসারীদের মুখে স্পেন। ফেবারিট তকমাটা এবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে স্পেনের সঙ্গে। জড়িয়ে গেছে ফেবারিট হওয়ার চাপও। সেই চাপটা মনে হয় খুব ভালো করেই টের পাচ্ছে স্পেন দল। এই চাপ সরাতেই কি না কে জানে, স্পেনের খেলোয়াড়েরা বেছে নিয়েছেন অন্যরকম একটি পথ—নিজেদের বদলে ফেবারিট তারা বলতে শুরু করেছে অন্য দলগুলোকে!ভ্যালেন্সিয়ার তারকা হুয়ান মাতা যেমন আসল ফেবারিট বলে দিয়েছেন ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে। ডেভিড ভিয়া বলছেন, তিনি ভয় পাচ্ছেন চিলিকে। ফেবারিট প্রসঙ্গ উঠতেই স্প্যানিশ দৈনিক এএসকে মাতা বলে দিয়েছেন, ‘আমার কাছে ব্রাজিল, আর্জেন্টিনা আর ইংল্যান্ডই হচ্ছে সবচেয়ে ফেবারিট তিনটি দল। মানের দিক দিয়ে তিনটি দলই অসাধারণ।’এর পর? ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা স্পেন তো এর পর আসতেই পারে। মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে এই নামটি। কিন্তু মাতার মুখে চার নম্বরেও এল না স্পেনের নাম। ইতালি—মাতার কাছে চতুর্থ ফেবারিট দলটি গতবারের চ্যাম্পিয়নরাই, ‘ইতালি প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে, এখন পর্যন্ত অমন ভালোও খেলতে পারছে না। তবে বিশ্বকাপে তাদের ইতিহাসটা সমৃদ্ধ এবং এবারও ভালোই করবে। ফ্রান্স দলটিও দারুণ।’স্পেনের বিশ্বকাপ-অভিযানের অন্যতম ভরসা সদ্যই বার্সেলোনায় নাম লেখানো স্ট্রাইকার ভিয়া। ফেবারিট-টেবারিটের বিষয়ে যাননি তিনি। নিজেদের সতর্ক করতে সমানে গুণকীর্তন করতে শুরু করেছেন তিনি গ্রুপ প্রতিপক্ষদের। ‘আমাদের গ্রুপটা হয়তো অত কঠিন নয়। তবে তারা আমাদের কাজটা কঠিন করে দেবে’—বলেছেন ভিয়া। তাঁর সবচেয়ে বেশি ভয় চিলিকে নিয়ে, ‘আমার চোখে চিলি হবে সবচেয়ে ভয়ংকর গ্রুপ প্রতিপক্ষ। খুব গোছানো একটি দল তাদের।’নিজেদের ফুটবল ইতিহাসের সেরা দল নিয়ে এবার বিশ্বকাপে যাচ্ছে স্পেন। তোরেস, ফ্যাব্রিগাস, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, আলোনসো, জাভিদের এই দলটিই ৪৪ বছর পর ২০০৮ সালে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। খেলছে অসাধারণ পাসিং ফুটবল। নিজেরা তাই যা-ই বলুন, মানুষের মুখে কিন্তু স্পেনই। সবাই বলছে, যোগ্যতা অনুযায়ী সাফল্য না পাওয়া স্পেন এবার কিছু একটা করেই ফেলতে পারে। দশের মুখে ক্ষয়, দশের মুখে জয়—এই প্রবাদটা মনে হয় মানেন ফার্নান্দো তোরেস। তাই তাঁর সতীর্থদের পথে হাঁটেননি লিভারপুল স্ট্রাইকার। দশের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। যে ফেবারিট তকমা পিঠে সেঁটে গেছে, সেটা বলতে তাঁর দ্বিধা নেই। নেই কোনো ভয়ও। ‘স্পেন সত্যিকারের ফেবারিট হয়েই এই বিশ্বকাপে এসেছে’—বীরদর্পে নিজেদের ফেবারিট বলে ঘোষণা তোরেসের।আর সব বারের সঙ্গে এবারের যে পার্থক্য আছে এবং সময়টা বদলেছে, তোরেস বলতে চাইলেন সে রকম কিছুই, ‘চার বছর আগেও যদি আমরা বলতাম যে ইউরো-সেরা হব এবং ফেবারিট হিসেবে বিশ্বকাপে যাব, আপনি হয়তো আমাদের পাগলই বলতেন। তবে এখন আর সেটা বলবেন না।’ ওয়েবসাইট।