ফেবারিট ডাচদের সামনে আত্মবিশ্বাসী ডেনমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনিশ উইঙ্গার মাইকেল ক্রন-দেলি সতীর্থদের নিয়ে তাঁর ২৯তম জন্মদিন উদ্যাপন করলেন পরশু। তবে আসল উৎসবটা করতে চান আজ! ইউরোতে আজ ‘ফেবারিট’ হল্যান্ডকে হারাতে পারলেই জন্মদিনের উৎসবটা হবে রঙিন।হল্যান্ড বরাবরের শিরোপাপ্রত্যাশী। কিন্তু ২০ বছর আগের সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে ডেনমার্ক। সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতেছিল ডেনমার্ক ১৯৯২ সালে। ওই সাফল্যের পুনরাবৃত্তির আশায় শুরুতেই চমক দিতে চায় ডেনিশরা। কাগজে-কলমে হল্যান্ড পরিষ্কার ফেবারিট। এগিয়ে তারা পরিসংখ্যানেও। দুই দলের মোট ২৯ বারের সাক্ষাতে হল্যান্ড জিতেছে ১২ বার, ডেনমার্ক ৭ বার। তবে ১৯৬৭ সালের পর ডাচদের বিপক্ষে খেলা ৮ ম্যাচের একটিতেও সরাসরি জিততে পারেনি ডেনিশরা। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে এই ডাচদেরই মুখোমুখি হয়েছিল বটে; তবে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র থাকার পর ডেনমার্ক জিতেছিল টাইব্রেকারে। ডাচদের সাম্প্রতিক রেকর্ডও বিস্ময়কর। সর্বশেষ ২৫টি প্রতিযোগিতামূলক ম্যাচের ২৩টিতেই জিতেছে তারা। দুই হারের একটি গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে (১-০)। ডেনমার্কও সর্বশেষ ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচেই অপরাজিত, জিতেছে বাছাইপর্বের শেষ চার ম্যাচেই। আবার হতাশার তথ্যও আছে। হল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে ডেনমার্ক গোল করেছে মাত্র দুটি। তবে দলকে অভয় দিচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা নিকলাস বেন্টনার। জাতীয় দলের হয়ে সর্বশেষ আট ম্যাচে ছয় গোল করা সান্ডারল্যান্ড স্ট্রাইকারের প্রতিশ্রতি, ‘একজন স্ট্রাইকার হিসেবে আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব গোল করতে।’ বেন্টনারের এই প্রতিশ্রুতি শুনে ডাচরা তেতে উঠলেই সর্বনাশ। রবিন ফন পার্সি, আরিয়েন রোবেন, ইয়ান ক্লাস-হান্টেলার প্রত্যেকেই আছেন দুর্দান্ত ফর্মে। তবে ডাচদের ভয়টা রক্ষণে। সেন্টার-ব্যাক ম্যাথিসেনের চোট-দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কোচ বার্ট ফন মারউইকের। লেফট-ব্যাক ইয়াত্রো উইলেমস খেলতে নামবেন নিজের মাত্র দ্বিতীয় ম্যাচ। নিজেদের রক্ষণ দুর্বলতা, ডেনিশদের লড়াকু মানসিকতা, সব কিছু বিবেচনায় মারউইক বলছেন, ‘আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’ রয়টার্স।