ফেবারিট তকমাটা ভালোই লাগছে ব্রাভোর
ওয়েস্ট ইন্ডিজ রাজত্ব হারিয়েছে ঢের আগে। কিন্তু এই বিশ্বকাপে ক্যারিবীয় দলটিই অনেকের ফেবারিট। খেলাটা যখন টি-টোয়েন্টি, আর দলেও যখন আছেন ক্রিস গেইল, ব্রাভো ভাইদের মতো ক্রিকেটার; ওয়েস্ট ইন্ডিজকে হিসাবে রাখতে হবে। সাধারণত ‘ফেবারিট’ তকমাটা কেউ নিতে চায় না। অহেতুক চাপ বাড়িয়ে লাভ কী! কিন্তু ব্রাভো ভাইদের বড় জন ডোয়াইন, নিজেদের ফেবারিট ভাবতে নাকি ভালোই লাগছে তাঁর।‘এই টুর্নামেন্টে লোকে আমাদের যে সম্মান, শ্রদ্ধা দেখাচ্ছে, সেরা দলগুলোর একটি হিসেবে বিবেচনা করছে—এটি ভালোই। আমরাও এখানে আত্মবিশ্বাসী একটা দল হিসেবেই এসেছি। আমরা বিশ্বাস করি, দেশের মানুষের জন্য আমরা এখানে ভালো কিছু করতে পারব’—বলেছেন এই অলরাউন্ডার।সেই স্বপ্ন সত্যি করতে হলে ব্রাভোকেও কিছু করে দেখাতে হবে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাটে-বলেই লর্ডসে ভারতকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছিল সেমিফাইনালে। চার উইকেটের পাশাপাশি ম্যাচ জেতানো ফিফটিও (৩৬ বলে ৬৬) করেছিলেন ব্রাভো। ‘এটাকেই আমি টি-টোয়েন্টিতে আমার সেরা পারফরম্যান্স মনে করি। এটা এমন কিছু, যে পারফরম্যান্স আমি অনেক দিন মনে রাখব। চাপের মুখে আমি সত্যিই ভালো খেলেছিলাম। দারুণ একটা জয়ের ভিত গড়ে দিয়েছিলাম’—বলেছেন ব্রাভো।সেই রকম খেলা এবারও খেলতে উন্মুখ হয়ে আছেন তিনি, ‘আমি বিশ্বাস করি, আমার ফর্ম এখন সেই পর্যায়েই আছে। আমি জানি, এই টুর্নামেন্টে দলে আমার বড় ভূমিকা রাখতে হবে। বল-ব্যাট—সবখানেই অবদান রাখতে চাই।’‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে পড়া ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।