ফেবারিট-তত্ত্বকে পন্টিংয়ের বুড়ো আঙুল
যেন ফিরে এল সেই চার বছর আগের মুহূর্তগুলোই। গত বিশ্বকাপের আগেও ‘ফেবারিট নন’ জাতীয় কথাবার্তা শুনতে হয়েছিল রিকি পন্টিংকে। সেবার পন্টিং বলেছিলেন, প্রমাণ হবে মাঠেই। মাঠে প্রমাণও দিয়েছিল তাঁর দল। অস্ট্রেলীয় অধিনায়ককে এবারও শুনতে হচ্ছে একই ধরনের প্রশ্ন। ফেবারিট-তত্ত্ব নিয়ে এবার পন্টিংয়ের উত্তর, ‘আই ডোন্ট কেয়ার!’গত বিশ্বকাপের আগে দেশের মাটিতে সিবি সিরিজের ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়া, হোয়াইটওয়াশ হয়েছিল চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে। হারিয়েছিল ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিন্তু ঠিকই বিশ্বকাপ জিতে নিয়েছিল দুর্দান্ত দাপটে। সেই ইতিহাসকে মনে করিয়ে দিয়ে পন্টিং জানালেন ফেবারিট-তত্ত্বে বিশ্বাস নেই তাঁর, ‘টুর্নামেন্টের শুরুতে আমরা কোথায়, এ নিয়ে আমার মোটেও ভাবনা নেই। সত্যি বলতে, এটা ভাবাই অযৌক্তিক। গত বিশ্বকাপের আগেও আমাদের নিয়ে নেতিবাচক কথা হয়েছে। অনেক সন্দেহ, সংশয় ছিল। সবাই জানে এরপর কী হয়েছে। টুর্নামেন্টেই আমাদের কেউ হারাতে পারেনি।’পন্টিংয়ের ধারণা, এ ধরনের বড় টুর্নামেন্টে ফেবারিট বলে কিছু নেই, ‘বেশ কিছু দলের সামর্থ্য আছে বিশ্বকাপ জয়ের। ভারত ও দক্ষিণ আফ্রিকা অসাধারণ দল। আইসিসির টুর্নামেন্টে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। নিজেদের কন্ডিশনে শ্রীলঙ্কা বিশ্বসেরা দলের একটি। তাই শিরোপা জিততে পারে যে কেউ।’টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে অস্ট্রেলিয়া এখন ভারতে। দুটি প্রস্তুতি ম্যাচসহ প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার চারটি ম্যাচ হবে ভারতে। ভারতের মাটিতেই প্রথম বিশ্বকাপ জিতেছিল তারা। এবার পঞ্চম শিরোপা জয়ের মিশনে পন্টিংকে আত্মবিশ্বাস জোগাচ্ছে দলের প্রস্তুতি, ‘সিনিয়র ক্রিকেটারদের কয়েকজনকে ছাড়াই বেশ ভালো ইংল্যান্ড দলকে আমরা ৬-১-এ হারিয়েছি, প্রস্তুতিটা এর চেয়ে ভালো হতে পারত না। দল এখন খুব ভালো অবস্থায়, আত্মবিশ্বাস অনেক উঁচুতে। সর্বোচ্চ সেরাটায় পৌঁছাতে আমাদের সপ্তাহ দুয়েক সময় লাগবে।’অস্ট্রেলিয়া বিশ্বকাপে এসেছে পাঁচজন পছন্দের ক্রিকেটারকে ছাড়া। পন্টিংয়ের অবশ্য সবচেয়ে বেশি মনে পড়ছে মাইকেল হাসির কথা। তবে আশা করছেন বড় ভাইয়ের শূন্যতা পূরণ করবেন ছোট ভাই, ‘কোনো সন্দেহ নেই। মাইকেল হাসিকে হারানো দলের জন্য বড় একটা আঘাত। ওর অভিজ্ঞতা আর এ ধরনের টুর্নামেন্ট সম্পর্কে ধারণা প্রায় অদ্বিতীয়। তবে আরেক হাসি গত সিরিজে খুব ভালো করেছে। আশা করি, ও ভাইয়ের অভাব পূরণ করবে।’ ওয়েবসাইট।