ফেবারিট নন কেউই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান পায়ের গোড়ালিতে কালও বাঁধা ছিল মোটা ব্যান্ডেজ। হাঁটছেনও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিম ক্লাইস্টার্সকে এ অবস্থায় দেখে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। মেয়েদের টেনিসের প্রত্যাবর্তন-রানি জানালেন, কদিন আগে উটকো এক চোটে ফ্রেঞ্চ ওপেনটাই ভেস্তে যেতে বসেছিল তাঁর জন্য। এক খালাতো বোনের বিয়েতে গিয়ে বেশ আনন্দ-ফুর্তি করছিলেন। খালি পায়ে নাচতে গিয়ে পা পড়েছিল আরেকটি মেয়ের পায়ের ওপর। ব্যস, গোড়ালি গেল মচকে!ওই ব্যান্ডেজ নিয়েই আজ শুরু ফ্রেঞ্চ ওপেনে খেলবেন এই বেলজিয়ান। খেলবেন উইম্বলডনেও। খবরটা শুনে মন খারাপ হওয়ারই কথা। কারণ অবসর ভেঙে দুই বছর আগে কোর্টে ফেরার পর দুবার ইউএস ওপেন আর একটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন জেতা হয়নি। অবসরের আগেও পারেননি, অবসর থেকে ফেরার পরও নয়। অথচ এবারের ফ্রেঞ্চ ওপেনে সবচেয়ে ফেবারিট ভাবা হচ্ছে তাঁকে।রোলাঁ গাঁরোর টুর্নামেন্ট-পূর্ব আলোচনায় মহিলা এককের ফেবারিট নিয়েই আলোচনাটা বেশি। কারণ কয়েক বছর ধরে আক্ষরিক অর্থেই ফ্রেঞ্চ ওপেন মেয়েদের কোর্টে ‘ওপেন’। ছেলেদের কোর্টে রাফায়েল নাদালের একচ্ছত্র আধিপত্য থাকলেও মেয়েদের কোর্ট গত চার বছরে দেখেছে চারজন ভিন্ন চ্যাম্পিয়ন।গতবার যেমন ৩০ বছর বয়সী, ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে শিরোপা জিতে চমক দিলেন। এবার চমক দেখাতে পারেন মারিয়া শারাপোভা, গত তিন বছরেও যিনি একটিও গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। শারাপোভার পাশাপাশি আসছে ক্লাইস্টার্সের নামও। ২০০১ আর ২০০৩—দুবার ফাইনাল পর্যন্ত গিয়েও শিরোপা জিততে পারেননি এই বেলজিয়ান। মাটির কোর্টে ক্যারোলিন ওজনিয়াকির ফর্ম চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়—তার পরও মেয়েদের এই শীর্ষ বাছাইকেও ফেবারিট ধরা হচ্ছে। উইলিয়ামস বোনদের অনুপস্থিতি আরও উন্মুক্ত করে দিচ্ছে মেয়েদের কোর্টের লড়াই।সত্যি বলতে কী, ছেলেদের কোর্টের ফেবারিট তকমাটিও এবার কেউ পরতে রাজি নন। গত ছয়বারের মধ্যে পাঁচবারই এখানে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে পুরো ক্যারিয়ারে একটি মাত্র ম্যাচে হেরেছেন। তার পরও খোদ নাদালই ফেবারিট বলে দিচ্ছেন নোভাক জোকোভিচকে। ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময়টা কাটাচ্ছেন এই সার্বিয়ান। টানা ৩৭ ম্যাচে অপরাজিত, তার চেয়েও বড় কথা, এ বছর নাদালকে তিনি হারিয়েছেন টানা চারটি ফাইনালে। রজার ফেদেরার তাই এরই ফাঁকে উঁকি দিয়ে বলছেন, এই পরাজয়গুলো মানসিকভাবে পিছিয়ে রাখবে নাদালকে। এই পিছিয়ে থাকা তাঁর চেয়ে বেশি আর কে জানে! ফ্রেঞ্চ ওপেনে চারবার নাদালের মুখোমুখি হয়ে চারবারই যে হেরেছেন ফেদেরার!মেয়েদের কোর্টে নিরঙ্কুশ ফেবারিট নন কেউ, ছেলেদের কোর্টেও তাই। ফ্রেঞ্চ ওপেনটা এবার আক্ষরিক অর্থেই ‘ওপেন’! এএফপি, রয়টার্স।