ফেবারিট না হওয়ায় খুশি রোনালদো
এবারের ইউরো কাপে কোনোভাবেই ফেবারিটের তকমা লাগছে না পর্তুগালের গায়ে। এমনকি গ্রুপ পর্বের বাধাও তারা পেরোতে পারবে কি না—এমন সংশয়ও আছে অনেকের। কারণ ‘বি’ গ্রুপে তাদের লড়তে হবে জার্মানি, হল্যান্ড ও ডেনমার্কের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। তবে ফেবারিট হিসেবে বিবেচিত না হওয়াটাকে ইতিবাচক বলেই মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে অনেক চাপমুক্তভাবে খেলার সুযোগ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন পর্তুগালের অধিনায়ক।বাছাই পর্বের খেলায় ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে প্লেঅফ খেলতে হয়েছিল পর্তুগালকে। গ্রুপ পর্বে জার্মানি, হল্যান্ডের মতো শক্তিশালী দলের মতো এই ডেনমার্কও আছে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে। তার পরও গ্রুপ পর্ব পেরোনোর জোরাল প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘আমরা জানি যে গ্রুপ পর্বে আমাদের জার্মানি, হল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে। এখানে ডেনমার্কও আছে, যাদের কারণে আমাদের বাছাইপর্বে প্লেঅফ খেলতে হয়েছিল। সব ম্যাচই খুব কঠিন হবে। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে আমরা গ্রুপ পর্বের বাধা পেরোতে পারব। আমি জানি, আমরা ফেবারিট না। কিন্তু সেটা আমাদের জন্য ভালোই হয়েছে।’কিন্তু ইউরো শুরুর আগে প্রস্তুতি পর্বটাও ভালো কাটেনি পর্তুগালের। গত শনিবার নিজেদের মাঠে মেসোডোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের। শেষ প্রস্তুতি ম্যাচটা তারা খেলবে তুরস্কের বিপক্ষে। রয়টার্স।