ফেবারিট না হয়েই খুশি রোনালদো
ক্লাবে তিনি বরাবরই উজ্জ্বল সূর্য, কিন্তু জাতীয় দলের হয়ে বড় কোনো অর্জনে নিজের নামটি লেখাতে পারেননি। সামনের ইউরোতেও যে এই অপূর্ণতা ঘুচবে, খুব জোর গলায় খোদ ক্রিস্টিয়ানো রোনালদোই তা বলতে পারছেন না। নিজের দল পর্তুগালকে শিরোপা জয়ের বড় দাবিদারও মনে করছেন না এই রিয়াল মাদ্রিদ তারকা, ‘নিজেদের আমরা ফেবারিট দাবি করতে পারি না। তবে সেজন্য আমি খুশিই। আমরা পড়েছি কঠিন একটা গ্রুপে। এটা পেরিয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নেওয়াটাই আপাতত আমাদের লক্ষ্য। তবে আমার বিশ্বাস, জার্মানি, হল্যান্ড, ডেনমার্কের সঙ্গে এক গ্রুপে পড়লেও আমরা পরের রাউন্ডে উঠতে পারব।’ এবারের ইউরোতে অপ্রত্যাশিত কিছু ঘটার সম্ভাবনা দেখছেন না তিনি, ‘খুব একটা চমক আমরা এবার দেখতে পাব বলে মনে হয় না। স্পেন দলটা দারুণ, আরও অনেক শক্ত প্রতিপক্ষই আছে।’ জুনের ৯ তারিখ জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ‘ইউরোপের ব্রাজিল’ পর্তুগাল। এএফপি।