
বিস্ময়ের স্কেলে কোনটি বেশি নম্বর পাবে—ইংল্যান্ড না নিউজিল্যান্ড?
ইংল্যান্ডের নামটা আগে লেখায় উত্তরটা অনুমান করে নিতে পারেন।
ক্রিকেট-জনকদের একমাত্র বৈশ্বিক শিরোপা এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সেটিও বেশিদিনের কথা নয়। মাত্র দুই আসর আগেই। তারপরও ইংল্যান্ডের সেমিফাইনালে উঠে যাওয়াটা কি বিস্ময় নয়! যেখানে গ্রুপে ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দল।
না, এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড আসলে বিস্ময় নয়। বিস্ময় হলো, ২০১৫ বিশ্বকাপে বিপর্যয়ের পর যেভাবে ঘোষণা দিয়ে রাতারাতি দলটি ‘সাহসী ক্রিকেট’ খেলতে শুরু করে দিয়েছে! ওই বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে সিরিজেই প্রথমবারের মতো চার শ রান, নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান (৩৪৯) তাড়া করে জয়...এ যেন জাদুমন্তর! ‘লেট দেয়ার বি লাইট’ বলাতে যেমন আলোতে ভেসেছিল ধরিত্রী, ‘ব্রেভ ক্রিকেট’-এর মন্ত্র জপ করতেই ইংল্যান্ড বদলে যাওয়া এক দল। যেটির প্রমাণ এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয়।
নতুন ইংল্যান্ড, সাহসী ইংল্যান্ডের সঙ্গে যাদের প্রথম পরিচয়, সেই দলটিই আজ ফিরোজ শাহ কোটলায় সেমিফাইনালে প্রতিপক্ষ। ২০১৫ বিশ্বকাপের পরপর যে ওয়ানডে সিরিজের কথা বলা হলো, সেটি এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।
ইংল্যান্ডেরটা না বোঝা গেল, নিউজিল্যান্ডের কথা বলতে গিয়েও কেন টেনে আনা হচ্ছে বিস্ময়কে? এক কথায় উত্তর দেওয়া যাবে না। প্রথম বিস্ময়, যে ব্রেন্ডন ম্যাককালাম তাঁর ব্যাটিং আর অধিনায়কত্ব দর্শন দিয়ে নিউজিল্যান্ডের খেলার ধরনটাই আমূল বদলে দিলেন, তাঁর না-থাকাটা যেন বিন্দুমাত্র প্রভাব ফেলতেও ব্যর্থ! দ্বিতীয় বিস্ময়, বাংলাদেশে এসেও হাবুডুবু খাওয়া দলটির উপমহাদেশীয় কন্ডিশনে এমন অপরাজেয় রূপে দেখা দেওয়া! দুটির মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন, সেই সিদ্ধান্তের ভার আপনার ওপরই থাকল।
ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বৈপ্লবিক ট্যাকটিকস খুঁজতে আজও ফিরে যেতে হয় ১৯৯২ বিশ্বকাপে। যখন মার্টিন ক্রো শুরুতেই ঝড় তোলার লাইসেন্স দিয়ে ব্যাটিং ওপেন করতে পাঠিয়েছিলেন মার্ক গ্রেটব্যাচকে। চমক হিসেবে অবশ্য এটিকেও হারিয়ে দিয়েছিল অফ স্পিনার দীপক প্যাটেলের হাতে নতুন বল। স্পিনারকে দিয়ে শুরু করা অনেক দিনই ডালভাত হয়ে গেছে। কিন্তু তখন এটিতে ছিল সময়ের চেয়ে এক যুগ এগিয়ে থাকা চিন্তার প্রতিফলন। ওখানেই শেষ নয়। দলের গতিময় বোলারদের বসিয়ে রেখে নিউজিল্যান্ডের ধীরগতির উইকেটে চার স্লো মিডিয়াম পেসারকে ছেড়ে দিয়েছিলেন ক্রো। লারসেন-ওয়াটসন-ল্যাথাম-হ্যারিস চতুষ্টয়ের নাম ‘ডিবলি-ডবলি’ নামে বিখ্যাত হয়ে আছে ক্রিকেট ইতিহাসে।
দুই যুগ আগের কথা আসছে এই নিউজিল্যান্ডও এমনই বৈপ্লবিক কিছু করায়। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি এই বিশ্বকাপের অন্য যেকোনো দলে প্রথম পছন্দ হয়ে থাকবেন, অথচ তাঁদের এখনো মাঠেই নামাননি কেন উইলিয়ামসন। দলের চিরকালীন শক্তি পেস বোলিংয়ের বদলে নিউজিল্যান্ড দলে খেলছে তিন স্পিনার। ম্যাচও জেতাচ্ছে।
জেতাচ্ছে তো জিতিয়েই যাচ্ছে। এই বিশ্বকাপে এখনো অপরাজেয় শুধুই নিউজিল্যান্ড। আজকের সেমিফাইনালে ফেবারিট তকমাটা যে গায়ে লেগে থাকছে, সেটি তো আর এমনিতেই নয়। এর বিপদ জানেন বলেই কেন উইলিয়ামসন এটিকে গা থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। কাল সংবাদ সম্মেলনে যতবার এই প্রসঙ্গ উঠল, ততবারই বললেন, টি-টোয়েন্টি বড় পরিহাসপ্রিয়। এখানে ফেবারিট বলে কিছু নেই।
এউইন মরগানের কথাটা খুব পছন্দ হওয়াই স্বাভাবিক। নিজেদের আন্ডারডগ বলে কেন মানতে চাইবেন! ইংল্যান্ড অধিনায়ক ফেবারিট-তত্ত্বের অসারতা বোঝাতে নিজেদের আগের ম্যাচটির উদাহরণ দিচ্ছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তো আমরা ফেবারিট ছিলাম। আরেকটু হলেই কী হয়ে যাচ্ছিল বলুন তো!’ গ্রুপের চার ম্যাচে নিউজিল্যান্ডকে কখনো ‘আরেকটু হলেই কী হয়ে যেত’ ভয় বলতে গেলে আক্রান্তই করেনি। যেখানে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। শ্রীলঙ্কাকে কোনোমতে হারিয়েছে, কাঁপন ধরিয়ে দিয়েছে আফগানিস্তানও। আজ তো তাহলে নিউজিল্যান্ডই ফেবারিট, তাই না?
আবার ঘুরেফিরে ওই কথা, তাহলে আর উইলিয়ামসন ও মরগানের কথার কী দাম থাকল? দাম অবশ্যই আছে। তবে অধিনায়কদের কথা অধিনায়ক বলবেন, ম্যাচপূর্ব হিসাব-নিকাশে ফেবারিট খোঁজা কি আর তাতে বন্ধ থাকবে! খেলা শুরু হয়ে যাওয়ার পর হয়তো কোনো মূল্যই থাকবে না, তবে শুরুর আগে ফেবারিট অবশ্যই নিউজিল্যান্ড।
এখন পর্যন্ত দুই দল টুর্নামেন্টে দুই ভাবে এগিয়েছে। নিউজিল্যান্ড যেখানে স্পিনে আশ্রয় খুঁজেছে, ইংল্যান্ড নির্ভরতা মেনেছে পেস বোলিংকেই। উইলিয়ামসন অবশ্য সেমিফাইনালে বোল্ট-সাউদিকে আগেই দর্শক বানিয়ে দিচ্ছেন না। আজ উইকেট দেখবেন, তারপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত।
তা উইকেট-উপযোগী একাদশ নির্বাচনে এখন পর্যন্ত উইলিয়ামসনের কোনো তুলনা নেই। এবং সেটি তাঁকে নিয়মিতই করতে হচ্ছে। এক ভেন্যুতে যে টানা দুটি ম্যাচ খেলার সুযোগ পায়নি নিউজিল্যান্ড। উইলিয়ামসন হালকা চালে এটিরও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন, ‘অন্য দলগুলোর চেয়ে আমরা অনেক বেশি ভারত দেখার সুযোগ পেয়েছি। ভিন্ন ভিন্ন ফ্লাইট, ভিন্ন ভিন্ন হোটেল—সবকিছুই আমাদের খেলোয়াড়েরা সাগ্রহে বরণ করেছে।’
প্রতি ম্যাচেই ভেন্যু বদলেছে। তবে একটা ব্যাপার বদলায়নি। সব ম্যাচেই টসে জিতেছেন উইলিয়ামসন। যে কারণে এখন পর্যন্ত রান তাড়াও করতে হয়নি। আজ তা করতে হলে সেটি বাড়তি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেই।
সেমিফাইনালে এসে অবশ্য এসব ভাবলে চলে না। সেমিফাইনাল মানেই তো চ্যালেঞ্জ!