একরকম ঘোষণাই দিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ইউরোতে তাঁর দেশ পর্তুগাল ফেবারিট নয়! রিয়াল মাদ্রিদ তারকার বিশ্বাস, এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতবে হয় স্পেন, নয় জার্মানি কিংবা হল্যান্ড। আগামী মাসের ৮ তারিখ শুরু হতে যাওয়া টুর্নামেন্টে পর্তুগাল পড়েছে গ্রুপ অব ডেথে, যেখানে তাদের সঙ্গী দুই ফেবারিট হল্যান্ড ও জার্মানি আর ডেনমার্ক।পরশু ক্যাস্ট্রল আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের ইউরো নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো শিরোপার দাবিতে এগিয়ে রাখলেন ওই তিন দলকেই, ‘স্পেনের খুব ভালো সুযোগ আছে। জার্মানি, হল্যান্ড, ইতালি, পর্তুগালের নাম অবশ্যই নিতে হবে। তবে প্রথম তিনটিরই সম্ভাবনা বেশি—স্পেন, জার্মানি ও হল্যান্ড।’তবে নিজের দলেরও একটা সম্ভাবনা দেখছেন, ‘আমাদের তেমন কোনো চাপ নেই। চাপটাপ সব স্পেন, জার্মানি ও হল্যান্ডের, পর্তুগালের নয়। আমাদের এটা (টুর্নামেন্ট) উপভোগ করতে হবে, যতটা পারি ভালো করতে হবে এবং চোখ রাখতে হবে কী হয়। এটা খুব কঠিন হবে।’গ্রুপ অব ডেথ নিয়েও কথা বলতে হলো ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে, ‘আমার কাছে ইউরোতে এটাই সবচেয়ে কঠিন গ্রুপ। পর্তুগালকে খুব লড়তে হবে। অবশ্য অন্য দলগুলোকেও তা-ই করতে হবে। তারা (জার্মানি) বিশ্বের অন্যতম সেরা দল, হল্যান্ডও তা-ই। তবে আমার মনে হয়, এটা (পরের পর্বে যাওয়া) সম্ভব, ফুটবলে সবই সম্ভব।’প্রতিপক্ষ দলগুলো নিয়ে নিজ দলের চিন্তাভাবনাটাও জানিয়ে দিয়েছেন সবশেষে, ‘আমরা তাদের ভয় পাচ্ছি না। তবে শ্রদ্ধা করি, কারণ জার্মানি সব সময়ই শক্তিশালী ও জমাট এক দল। হল্যান্ডও কঠিন দল, তবে একটু অন্যভাবে। ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপকই হবে। কারণ, পর্তুগাল ভালো দলের বিপক্ষেই খেলতে চায়। অন্য দলগুলোর বিপক্ষে খেলার সময় মনোসংযোগ থাকে ভিন্ন রকম। তারা (হল্যান্ড) খুব ভালো দল, একেবারে অন্য রকম।’গ্রুপ অব ডেথ থেকে যেকোনো বড় দুটি দলের বিদায়ের শঙ্কাও উড়িয়ে দেননি রোনালদো, ‘চিন্তা করতে পারেন হল্যান্ড অথবা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। এটা হবে বিস্ময়কর। তবে এটা ঘটতেই পারে!’নিজ দল নিয়েও কথা বলেছেন রোনালদো। দল নিয়ে সন্তুষ্টিই প্রকাশ পেয়েছে পর্তুগালের হয়ে ৮৮টি ম্যাচ খেলা তারকার কণ্ঠে, ‘আমাদের দলটা তরুণ ও দারুণ একটা দল। কোচও খুব ভালো ও মজার লোক। এই জাতীয় দলের অংশ হতে পারাটা সত্যিই দারুণ। আমি সত্যিই এটা উপভোগ করি এবং তাদের অংশ হয়ে থাকতে চাই।’আগামী ৯ জুন ইউক্রেনের লেভাভে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই ইউরো অভিযান শুরু হবে পর্তুগালের। ওয়েবসাইট।