ফেবারিট স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ধারণা, এবারের বিশ্বকাপ হবে সর্বকালের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্টগুলোর একটি। প্রথমবারের মতো বিশ্বকাপ হচ্ছে আফ্রিকায় এবং দক্ষিণ আফ্রিকা হয়তো টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল, আমার মনে হয় বাকি পাঁচ আফ্রিকান দলেরই সেমিফাইনাল খেলার মতো সামর্থ্য আছে। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা বাড়তি যা যোগ করবে তা হলো বর্ণিল পরিবেশ, উত্তেজনা ও আবেগ। ফুটবলারদের সেরাটা ঢেলে দিতে এটা উৎসাহ জোগাবে।অধিনায়ক মাইকেল বালাককে হারানোটা ছিল জার্মানির জন্য বড় একটা আঘাত, কারণ দলে তাঁর প্রভাব অনেক। সতীর্থদের সঙ্গে নতুন অধিনায়ক ফিলিপ লামের বোঝাপড়াটাও অসাধারণ এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দলের সবাই তাঁকে অনেক শ্রদ্ধাও করে। অনেক সময়ই দলের গুরুত্বপূর্ণ কাউকে হারালে অন্যরা এগিয়ে এসে সেই শূন্যতা পূরণ করে এবং দক্ষিণ আফ্রিকায় আমি এমন কিছুরই প্রত্যাশা করছি। মাইকেলের অভাব বোধ হবেই, তবে দল এতে আরও কাছাকাছি আসবে এবং শক্তিশালীই থাকবে। অন্য যাদের হারাতে হয়েছে তারা ততটা গুরুত্বপূর্ণ নয়, নিউয়ার যেমন গোলক্ষক অ্যাডলারের খুব ভালো বদলি।জার্মানির কোচ জোয়াকিম লোর দলটা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। দল ঘোষণার সময় বুঝিয়েও দিয়েছে, সে জোর দিচ্ছে শক্ত মানসিকতা ও দলীয় সমঝোতার ওপর। সম্ভাব্য বিজয়ীর তালিকা থেকে জার্মানিকে কখনোই বাদ দেওয়া যাবে না। ঘটনাক্রমে বিশ্বকাপে জার্মানি কখনোই পেনাল্টি শ্যুট-আউটে হারেনি। জার্মানি দল সব সময়ই খুব গোছানো, সুশৃঙ্খল বলে তাদের হারানো কঠিন। বছর দুয়েক আগে ইউরোতে আমরা রানার্সআপ হয়েছি, গত বিশ্বকাপে হয়েছিলাম তৃতীয়, ২০০২ বিশ্বকাপেও রানার্সআপ। বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে তিনবার পেছনে পড়েও সমতা এনে আমরা প্রমাণ করেছি, চ্যাম্পিয়নের মানসিকতা ও চরিত্র এ দলের আছে।বিশ্বকাপে জার্মানির ঐতিহ্যটা খুব গুরুত্বপূর্ণ—ব্রাজিল ও ইতালিই কেবল আমাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে এবং অন্য দলগুলোর সমীহই আমাদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে। এরপর ফলাফল নির্ভর করে ওই সময়ে দলগুলোর পরিস্থিতির ওপর। কারণ ইনজুরি, কার্ড এবং খেলার ফলাফলে প্রভাব ফেলার মতো প্রতিভাবান ফুটবলারদের সামর্থ্য তখন নির্ধারক হয়ে দাঁড়াবে।আগের দলগুলোর মতো এবারও জার্মানি দলীয় সমঝোতার ওপর নির্ভর করবে। স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার অসাধারণ সব ফুটবলার আছে যারা প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারে। আমার ধারণা, এই দলগুলোই ফেবারিট হিসেবে শুরু করবে। হল্যান্ডেরও অনেক বিপজ্জনক ফুটবলার আছে, যদিও ইতিহাস বলে, যতটা সুশৃঙ্খল পারফরম্যান্স দেখানো উচিত, তারা তা কখনোই পারে না।এই বিশ্বকাপে আমি বেশ কিছু চমক দেখার আশা করছি। কৌতূহল নিয়ে দেখব আফ্রিকার কন্ডিশনে দলগুলো কীভাবে মানিয়ে নেয়। আমার মনে হয়, বেশ কিছু চমক থাকবে। আমার শুধু চাওয়া, এই চমকের শিকার হয়ে জার্মানিকে যেন দ্রুত দেশের ফ্লাইট ধরতে না হয়!