ফেবারিটদের জয়ের দিনে মারের হার
র্যাঙ্কিংয়ে ৯২তম গিলের্মো গার্সিয়া লোপেজের কাছে ৬-৪, ৬-২ গেমে হেরে গেলেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই, ২০০৯ সালের রানারআপ অ্যান্ডি মারে। এ অঘটনটি বাদ দিলে ইন্ডিয়ানা ওয়েলস ওপেনে পরশু ফেবারিটরা সবাই উতরে গেছেন দ্বিতীয় রাউন্ডের বাধা।সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। কাজাখস্তানের অবাছাই আন্দ্রে গোলুবেভকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। তবু নিজের পারফরম্যান্সে তৃপ্ত নন জোকোভিচ, ‘আমাদের খেলাটি জমেনি। অনেক আনফোরসড এরর হয়েছে। তবে এটি ছিল শুরুর ম্যাচ। কোর্ট এবং কন্ডিশনের সঙ্গে এখনো মানিয়ে নিতে হচ্ছে আমাকে।’ শুধু জোকোভিচই নন, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, সব বাছাই খেলোয়াড়ই টুর্নামেন্ট শুরু করেছেন দ্বিতীয় রাউন্ড দিয়ে। মহিলা বিভাগে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি ও সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। জিতেছেন আনা ইভানোভিচ, মারিয়ন বার্তোলিও। এএফপি।