ফেবারিটরাই শেষ চারে
জিকো, বাজ্জিওদের স্মৃতি ফিরিয়ে আনলেন পিয়েরে-এমেরিক ওবামেয়াং! গ্যাবনের এই স্ট্রাইকার পুরো আফ্রিকান কাপ অব নেশনসেই দারুণ খেলেছেন। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে সহ-স্বাগতিকদের জিতিয়ে উঠিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। পরশু মালির বিপক্ষে শেষ আটের ম্যাচে তাঁর বাড়িয়ে দেওয়া পাসেই গোল করে এগিয়ে গিয়েছিল গ্যাবন। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টি মিস করে দলের বিদায় নিশ্চিত করেছেন ফ্রান্সে জন্ম নেওয়া এই স্ট্রাইকারই।গ্যাবন-মালি ম্যাচে পেনাল্টি শ্যুট-আউটে মিস এই একটিই। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, তাতে গ্যাবন হারে ৪-৫ গোলে। গ্যাবনের বিদায়ের আগের দিনই বিদায় নিয়েছে আরেক আয়োজক ইকুয়েটরিয়াল গিনি। ফেবারিট আইভরি কোস্টের কাছে গিনি হেরেছে ০-৩ গোলে। মালি ও আইভরি কোস্টের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জাম্বিয়া ও ঘানা।শনিবারের দুটি কোয়ার্টার ফাইনালই নিষ্পত্তি হয়েছে ৩-০ ব্যবধানে। সুদানকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে উঠেছে জাম্বিয়া। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের পক্ষে দুটি গোল করেছেন চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা, ১টি ম্যান সিটির ইয়া তোরে। হ্যাটট্রিকই পেয়ে যেতে পারতেন দ্রগবা, জোড়া গোল করার আগে মিস করেছেন পেনাল্টি।সেমিফাইনালে দ্রগবার আইভরি কোস্টের মুখোমুখি সেইডু কেইটার মালি। বুধবারের অন্য সেমিফাইনালে জাম্বিয়ার সামনে দাঁড়াবে ৩০ বছরের শিরোপা-খরা ঘোচানোর অপেক্ষায় থাকা ঘানা। রোববার অতিরিক্ত সময়ের গোলে ঘানা ২-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। ম্যাচের ৮ মিনিটে ঘানাকে এগিয়ে দেন জন মেনসাহ। ৪২ মিনিটে সাবের খেলিফার গোলে সমতায় তিউনিসিয়া। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ঘানা জয়সূচক গোলটি পায় ম্যাচের ঠিক ১০০ মিনিটের সময়, গোলদাতা আন্দ্রে আইয়ু। এএফপি।