ফেব্রিগাসকে ছাড়াই চেলসির মুখোমুখি হচ্ছে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পাঁচটি ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলার পর কাল আর্সেনাল মাঠে নামতে যাচ্ছে চেলসির বিপক্ষে। গতবারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ীরা এ মৌসুমেও শুরুটা করেছে চমত্কারভাবেই। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। কিন্তু লিগের এ গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক সেস ফেব্রিগাসকেই মাঠে পাচ্ছে না আর্সেনাল। খেলতে পারবেন না নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল আলমুনিয়াও।দুই সপ্তাহ আগে হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়েছিলেন ফেব্রিগাস। সেই ধকলটাই এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফেব্রিগাস এখনো মাঠে নামার মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। স্পেনের হয়ে ইউরো-২০১২ বাছাই পর্বে লিথুয়ানিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেও খেলতে পারবেন না ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।আর্সেনালের অপর দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রবিন ভন পার্সি আর থিও ওয়ালকটও চেলসির বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না তা নিশ্চিত নয়। তবে অনেক দুঃসংবাদের মধ্যে একটাই আশার আলো দেখছে গানাররা। চেলসির বিপক্ষে মাঠে ফিরতে পারেন আর্সেনালের মাঝ মাঠের অন্যতম প্রধান ভরসা ফরাসি মিডফিল্ডার আবু ডিয়াবি।—সকারনেট