ফেমিতে উদ্ধার শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের মতো এবার আর তারার হাট নেই। নেই জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়ও। তার পরও নেপালে গিয়ে পোখরা গোল্ডকাপ জিতে এসেছে প্রাক-মৌসুম প্রস্তুতিতে। সবার আগে অনুশীলনও শুরু করেছে তারাই। কিন্তু মৌসুম সূচক টুর্নামেন্ট গ্রামীণফোন ফেডারেশন কাপে কাল নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলল নিষ্প্রভ ফুটবল। পেশাদার লিগ চ্যাম্পিয়নরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ভাগ্যজোরে জিতল ১-০ গোলে। বিদেশি-নির্ভর শেখ জামালের ত্রাণকর্তা একজন বিদেশি খেলোয়াড়ই—গতবারও খেলা নাইজেরিয়ার ফেমি অরুনিনি। সাত বিদেশির মধ্যে কোচ সাইফুল বারী সর্বোচ্চ চারজনকেই মাঠে নামিয়েছেন। ফেমি ছাড়াও খেলেছেন নাইজেরিয়ান কেস্টার আকনউই লুই, আজোবা এলেন এবং গত মৌসুমে ব্রাদার্সে খেলা ব্রাজিলিয়ান এভারটন। কেস্টারকে অবশ্য ভালোভাবে দেখারই সুযোগ পাননি কোচ। ৯ মিনিটে অগ্রণী ব্যাংকের গোলরক্ষক আলমগীরের কনুইয়ের আঘাতে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ডান চোখের ওপরে ও নিচে লেগেছে নয়টি সেলাই। পরের ম্যাচ তো অনিশ্চিতই, কবে মাঠে ফেরেন সেটাই দেখার। এভারটনও পুরো ফিট ছিলেন না, তবুও খেলেছেন ৭১ মিনিট পর্যন্ত। তাঁর বদলি হিসেবে নেমেছেন ফরাশগঞ্জকে গতবার স্বাধীনতা কাপ জেতানো স্ট্রাইকার সোহেল। দলকে আরও গোল এনে দিতে না পারলেও তরুণ এই স্ট্রাইকারের উপস্থিতি উজ্জ্বলই ছিল।পুরো ম্যাচে শেখ জামাল গোলের সুযোগ তৈরি করতে পেরেছে হাতেগোনা চার-পাঁচটি। এর মধ্যে ২৫ মিনিটে গোলটি আসে ভাগ্যগুণে, আজোবা এলেনের শট থেকে বক্সের মধ্যে দাঁড়ানো অরক্ষিত ফেমি হেড করতে ভুল করেননি। বেশির ভাগ সময় বল মাঝমাঠে ধরে রেখেও জামাল পরিকল্পিত আক্রমণে যেতে পারেনি। এলেন, কোমল ও এভারটন মিলে গোটা চারেক সুযোগ নষ্ট করেছেন। শেষ পাঁচ মিনিটে অগ্রণী ব্যাংক ভালোমতো চেপে ধরেছিল শেখ জামালকে। ৩ পয়েন্ট পেলেও দলের খেলায় হতাশ কোচ সাইফুল বারী, ‘খেলায় মোটেও খুশি নই আমি। আমরা সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে পরিনি।’শেখ রাসেলের জয়বাংলাদেশ লিগের অন্যতম শীর্ষ দল শেখ রাসেল। তাদের কাছে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দল ভিক্টোরিয়া পেরে উঠবে না, এটা অনুমিতই ছিল। কাল ভিক্টোরিয়াকে খুব সহজেই ২-০ গোলে হারিয়ে শুভসূচনাও করল শেখ রাসেল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে জয়ের পুঁজিটা তাদের কাল জোগাড় হয়ে যায় প্রথমার্ধেই। ১১ মিনিটে প্রথম গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিতুস এমবা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার সিয়ানকাম এমাকো। তবে কোচ মারুফুল হক মনে করেন, ‘দুটি ন্যায্য পেনাল্টি থেকে রেফারি বঞ্চিত না করলে’ আরও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারত শেখ রাসেল। তবে কোচ মারুফুল হক ম্যাচ শেষে তাকিয়েছেন আপন আয়নায়, ‘আমাদের আরও উন্নতি করতে হবে।’