ফের বিপিএল পরিহার করার আহ্বান ফিকার
বিপিএলের পাওনা-বিতর্ক নতুন নয়। খেলোয়াড়দের পাওনা নিয়ে বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা মুখোমুখি অনেক দিন ধরেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের এ সময়ে ফিকা আবার সরব হলো খেলোয়াড়দের পাওনা নিয়ে। সংগঠনটি খেলোয়াড়দের বিপিএল পরিহার করতে আহ্বান জানিয়েছে। অবশ্য এমন আহ্বান আগেও জানিয়েছিল তারা।
ফিকার চেয়ারম্যান পল মার্শ বলেন, ‘কিছু খেলোয়াড় ২০১৩ বিপিএলে খেলে পুরো টাকা পেয়েছে, তবে অধিকাংশই পায়নি। খেলোয়াড়দের পাওনা কয়েক মাস হয়ে গেছে। ২০১২ সালেও এমনটা হয়েছিল। সেটিরই পুনরাবৃত্তি হলো। ফিকা আগে থেকেই অনুমান করেছিল, এমনটিই হবে। সে উদ্বেগ থেকেই টুর্নামেন্টের আগেই খেলোয়াড়দের পরামর্শ দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম বিপিএল আমাদের উদ্বেগ ভুল প্রমাণ করবে। কিন্তু তা হয়নি।’
খেলোয়াড়দের প্রতি মার্শের পরামর্শ, ‘যে টুর্নামেন্ট খেলোয়াড়দের মৌলিক চুক্তিমূলক অধিকারকে সম্মান করে না, সেখানে খেলোয়াড়দের অংশগ্রহণ করার দরকার নেই।’
শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান দাবি করেছেন, ঢাকা গ্লাডিয়েটর্সের সঙ্গে চুক্তির মাত্র ২১ শতাংশ টাকা পেয়েছেন। বিপিএলের পাওনা বিষয়ে জামিনদার বিসিবি এখন দাবি করছে, পাওনা মেটানোর দায়িত্ব তাদের নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর। দিলশানের সমস্যা নিরসনে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এর আগে বিসিবি বারবার ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ করেছে দাবি করে ফিকার সাবেক প্রধান টিম মে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন বিপিএলের আগামী আসরগুলো বয়কট করার। ওয়েবসাইট