চেলসি: ইন্টার মিলানসেভিয়া: সিএসকেএ মস্কোস্বাগতিক দল প্রথমেচ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শেষ সপ্তাহে গড়াল। আজ এ লড়াইয়ের শেষের শুরু হচ্ছে একটি ফেরা এবং একটি নতুন ইতিহাস গড়ার হাতছানি দিয়ে। স্টামফোর্ড ব্রিজে ফিরছেন চেলসির সাবেক কোচ হোসে মরিনহো। ফিরছেন প্রতিপক্ষ হয়ে, সিরি ‘আ’র ইন্টার মিলানকে নিয়ে। আর সিএসকেএর মাঠে ১-১ গোলে ড্র করে আসা সেভিয়া নিজেদের মাঠে জিতলে তো কথাই নেই, গোলশূন্য ড্র করতে পারলেও প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়বে।প্রায় তিন বছর হলো মরিনহো চেলসি ছেড়েছেন। কিন্তু চেলসির ড্রেসিংরুম, ডাগআউট—সবই তো খুব চেনা পর্তুগিজ এই কোচের। তবে আজ যখন তিনি স্টামফোর্ড ব্রিজে যাবেন, দাঁড়াবেন অতিথি দলের ডাগআউটে। চেলসির সামান্য দূরে দাঁড়িয়ে তাঁর মনটা কি হাহাকার করে উঠবে না, সেখানে দাঁড়িয়ে নতুন শিষ্যদের চেলসি-বধের নানা কৌশল বাতলে দিতে বুকটা কি একটুও কেঁপে উঠবে না! নিজেকে ‘বিশেষ একজন’ তো এই চেলসি থেকেই দাবি করে আসছেন মরিনহো। তবে এর পরও তিনি মানুষ। আর মানুষ বলেই আজ আবেগ এসে জড়িয়ে ধরবে তাঁকে, এটা মরিনহো ভালো করেই জানেন। তারপরও পেশাদার ভঙ্গিতেই আবেগকে পরাস্ত করতে চান তিনি, ‘আমি লুকোব না যে, চেলসি আমার মনে বিশেষ জায়গা নিয়ে আছে। তবে ভালো ব্যাপার হচ্ছে আমি ড্রেসিংরুম থেকে মাত্র পাঁচ মিটার পথ হেঁটে বেঞ্চে গিয়ে বসব। মাঠটা হেঁটে অতিক্রম করতে হবে না। তাই দর্শকদের আবেগ সামলাতে হবে না। সেটা না হয় হলোই। কিন্তু সবার আগে তো আমি পেশাদার, তাই নয় কি?’এই পেশাদারির কারণেই স্টামফোর্ড ব্রিজে উষ্ণ অভ্যর্থনা পাবেন জেনেও মরিনহো ছক কষছেন চেলসি-বধের। পরিকল্পনা সাজাচ্ছেন প্রথম লেগে পাওয়া ২-১ গোলের জয়কে কাজে লাগিয়ে ইন্টার মিলানকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার। এএফপি, ওয়েবসাইট।