ফেরানো গেল না তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুম্মন লুসাই
জুম্মন লুসাই

জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও হকি কোচ মাহবুব হারুনের চোখে জল। কাঁদছেন ভাই জুবেল লুসাই, বোন মারিয়ান চৌধুরী। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ থেকে শুরু করে আবাহনী ক্লাবের কর্মচারী পর্যন্ত অঝোরে কাঁদছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ততক্ষণে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীর ভিড় জমতে শুরু করেছে। গণমাধ্যমকর্মীরাও জুম্মন লুসাইয়ের নিথর দেহের খোঁজে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বারান্দায় সাদা কাপড়ে ঢাকা জাতীয় দলের সাবেক হকি তারকা। একটু আগেই তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।
গত শুক্রবার হঠাৎই আবাহনী ক্লাবে অসুস্থ হয়ে পড়েন ৫৯ বছর বয়সী খেলোয়াড়। দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার এক দিন পর আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসকেরা তাঁকে দেখেই আশা ছেড়ে দিয়েছিলেন। তার পরও লাইফ সাপোর্ট দিয়ে চেষ্টা করা হয়েছিল। কাল বেলা তিনটা ৪৫ মিনিটের সময় আত্মীয়স্বজনের অনুমতি নিয়ে চিকিৎসকেরা খুলে ফেলেন তাঁর লাইফ সাপোর্ট। কর্তব্যরত চিকিৎসক এ কে এম হাবিবুল্লাহ শুধু এটুকুই বললেন, ‘তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। একপর্যায়ে ওনার মস্তিষ্ক নির্জীব হয়ে গিয়েছিল।’
১৯৫৫ সালের ১২ আগস্ট সিলেটে জন্ম জুম্মন লুসাইয়ের। বাবা হারেঙ্গা লুসাইও হকি খেলতেন। জুম্মন একই সঙ্গে ফুটবল ও হকি খেলতেন। ফুটবল খেলেছেন শুধু সিলেটে। হকিটাই তাকে বেশি টানত।
বাবাও চাকরির সুবাদে পুলিশেই খেলতেন। বাবার মাধ্যমেই প্রথম ১৯৭৮ সালে পুলিশের হয়ে প্রথম বিভাগে খেলা শুরু। আবাহনীতে যোগ দেন ১৯৮২ সালে। টানা ১৯৯৬ সাল পর্যন্ত খেলেছেন এই দলেই। এই ক্লাব ছিল তাঁর ‘নিজের বাড়ি’। জাতীয় দলের জার্সি গায়ে প্রথম খেলেন ১৯৮২ সালে, দিল্লি এশিয়াডে। খেলেন ১৯৮৬ সিউল এশিয়াডেও। ১৯৮৫ ঢাকা এশিয়া কাপে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এই টুর্নামেন্টের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ১৯৮৫ সালে বাংলাদেশের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন বিশ্ব হকি একাদশে। বাংলাদেশের প্রথম পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সর্বশেষ জাতীয় দলে খেলেন ১৯৮৯ সালে, এশিয়া কাপে। ছিলেন আবাহনী ক্লাবের হকি কোচ। সর্বশেষ বাংলাদেশ গেমসে মশাল প্রজ্বালন করেছিলেন জুম্মন।
জুম্মন কেন আবাহনীর জুম্মন হয়ে জীবন কাটিয়ে গেলেন? কাল রহস্যটা খুলে বললেন জুম্মনের বড় বোন মারিয়ান, ‘বাবা ছিলেন বঙ্গবন্ধুর অন্ধ ভক্ত। বাবা চাইতেন ও শুধু আবাহনীতেই খেলুক।’ জুম্মনের স্ত্রী ও তিন ছেলে ভারতের মিজোরামে থাকেন। কাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা তাঁদের। লাশ রাখা হয়েছে হিমঘরে। তাঁকে শেষবারের মতো সম্মান জানাতে আজ সকাল ১০টায় নেওয়া হবে প্রিয় ক্লাব আবাহনীতে। পরে মরদেহ নেওয়া হবে ফেডারেশনে। বিকেলে নেওয়া হবে সিলেটে নিজের বাড়িতে, সেখানেই হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
জুম্মনের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন আবাহনীর পরিচালক হারুনুর রশীদ, কাজী নাবিল আহমেদ এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ক্রীড়াঙ্গনের অনেকে। দীর্ঘদিনের ক্লাব-সতীর্থ মাহবুব হারুন বলছিলেন, ‘তাঁর মতো প্রতিভাবান খেলোয়াড় আসবে কি না সন্দেহ। সেই ১৯৮৩ সালে ঢাকায় আসার পর থেকে আমি আবাহনীতে তাঁর সঙ্গে খেলছি। মাঠের বাইরেও অসাধারণ মানুষ ছিলেন তিনি।’
একটা দুঃখ, ২০১১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েও সেটি হাতে ছুঁয়ে দেখতে পারলেন না জুম্মন। ওটা যে দেওয়াই হয়নি। অন্তর্মুখী চরিত্রের জুম্মন বড় বোনকে বলেছিলেন, ‘দিদি দেখো, একদিন জাতীয় পুরস্কার হাতে নেব। প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন।’
এখন এই পুরস্কার হাতে নেবেন তাঁর কোনো স্বজন। সেদিন ওপর থেকে দেখে কী বলবেন জুম্মন?