ফেরার অপেক্ষায় গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার কোচিংয়ে ফেরার অপেক্ষায় পেপ গার্দিওলা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই আবার কোচিং ক্যারিয়ারটা নতুন করে শুরু করতে চান বার্সেলোনার সাবেক এই কোচ। তবে সেটি কোন ক্লাবে, তা এখনো জানেন না তিনি।চার বছরে বার্সেলোনাকে সম্ভাব্য ১৯টির মধ্যে ১৪টি শিরোপাই জিতিয়েছেন গার্দিওলা। কিন্তু গত মৌসুম শেষে সবাইকে বিস্মিত করে হঠাৎই বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সী। কারণ হিসেবে বলেন, ‘আমি ক্লান্ত। পরিবারের সঙ্গে কাটানোর জন্য একটি বছর ফুটবল থেকে দূরে থাকতে চাই।’ গার্দিওলার ভাষায় যেটা ‘ছুটি’, ফুটবল থেকে সেই ‘ছুটি’ই কাটাচ্ছেন গার্দিওলা।স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। নিজেই বলছেন, তিনি এখন ফুটবলের ‘টেলিভিশন দর্শক’। পরশু বিশেষ এক উপলক্ষ গার্দিওলাকে টেনে নিয়ে এসেছিল জুরিখে। উপস্থিত ছিলেন জুরিখের ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে। বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ভিসেন্তে দেল বস্ক ও হোসে মরিনহোর সঙ্গে তাঁর নামটিও ছিল। পুরস্কার প্রদানের আগে সেখানেই গার্দিওলা বলেছেন, ইতিমধ্যে তিনি কোচিংয়ে ফেরার কথা ভাবতে শুরু করেছেন, ‘আমি কোচ হতে চাই। কারণ আমি এখনো তরুণ। আমার বয়স মাত্রই ৪১ বছর। এখন আমি অন্যরকম জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে ঠিক যে রকম জীবন আমি চাইছি। যাওয়ার মতো কোনো ক্লাব আমার নেই। কিন্তু হ্যাঁ, আমি কোচিংয়ে ফিরতে চাইব।’বার্সার কোচের পদ থেকে পদত্যাগের পর থেকেই অনেক অনেক ক্লাবের সঙ্গেই তাঁর নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছে। ছড়াচ্ছে এখনো। বায়ার্ন মিউনিখের নাম শোনা যাচ্ছে। এমনকি ব্রাজিলের মতো দেশের জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবেও শোনা গেছে গার্দিওলার নাম। কিন্তু গার্দিওলা বললেন, বায়ার্ন মিউনিখ বা ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। বায়ার্ন প্রসঙ্গে বলেছেন, ‘বায়ার্নের একজন কোচ আছেন, নাম ইয়ুপ হেইঙ্কস। বর্তমানে একজন কোচ আছেন এমন ক্লাবের সঙ্গে কথা বলাটা হবে তাঁর জন্য অসম্মানজনক।’মানো মেনেজেসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্রাজিলের অনেকেই বলেছিল গার্দিওলার নাম। কিন্তু গার্দিওলা নন, ব্রাজিল শেষ পর্যন্ত কোচ নিয়োগ দিয়েছে সাবেক বিশ্বকাপজয়ী কোচ লুইস ফেলিপে স্কলারিকে। ১৮ জানুয়ারিতে ৪২-এ পা দিতে যাওয়া গার্দিওলা বলছেন, ‘এটা সম্মানের যে তারা আমার কথা বলেছে। তবে ব্রাজিলে অনেক গ্রেট কোচ আছে। যেমন যাকে তারা বেছে নিয়েছে, (লুইস ফেলিপে) স্কলারি।’ জাতীয় দলের কোচ সে দেশের কেউ হলেই ভালো বলে মন্তব্য গার্দিওলার। তবে ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় যে তিনি খুশি হয়েছেন, তা গোপন করেননি। ‘আমি ব্রাজিলের সমর্থকদের কাছে কৃতজ্ঞ। এতগুলো বিশ্বকাপজয়ী একটা দেশ যে আমাকে তাদের কোচ হিসেবে যোগ্য মনে করেছে, এটা আমার জন্য সম্মানের’—বলেছেন তিনি। বার্সেলোনার খেলোয়াড় থেকে কোচ হয়েছেন। ‘বার্সেলোনার পেপ’ হিসেবেই তাঁকে চেনে বিশ্ব। সেই বার্সেলোনার খেলা দেখলে একটা গর্বের অনুভূতি হয় তাঁর, ‘বার্সেলোনার খেলা দেখতে আমি ভালোবাসি। এই দলের সঙ্গে কয়েক বছর থাকার সৌভাগ্য হয়েছিল আমার। আমি খুশি যে সবকিছুই আগের মতো বা আগের চেয়েও ভালো চলছে। একটি ক্লাব তার খেলার জন্য প্রশংসা ও সম্মান পাচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দেয়।’ এএফপি।