ফেরার অপেক্ষায় আবুল হাসান
লাল টি-শার্ট আর জিনস পরা তাঁকে হঠাৎই পাওয়া গেল শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে। অস্ট্রেলিয়া থেকে লম্বা ফ্লাইট শেষে আগের রাতে ঢাকায় পৌঁছেছেন। চোখে-মুখে তবু ভ্রমণক্লান্তি নেই। দুপুরের কড়া রোদে আবুল হাসান বরং অনেক বেশি ঝলমলে।
অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন মেরুদণ্ডের অস্ত্রোপচার করাতে। মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ মেলহাম একবারের জায়গায় দুবার অস্ত্রোপচার করলেন। তবে সেটা নিয়ে কোনো অভিযোগ না করে জাতীয় দলের এই পেসার প্রকাশ করলেন স্বস্তি, ‘প্রথম অপারেশনের কয়েক দিন পর আবারও ব্যথা হচ্ছিল। তখন ডাক্তার দেখালাম, দ্বিতীয় অপারেশন হলো। এখন বেশ ভালো বোধ করছি। আল্লাহর রহমতে ভালো আছি।’
অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন-প্রক্রিয়া নিয়ে আজ বিসিবির চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন হাসান। অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা অবশ্য বলে দিয়েছেন, এখনই জগিং শুরু করতে পারবেন, পারবেন জিম করতেও। তবে মাঠে ফিরতে একটু অপেক্ষা করতেই হচ্ছে, ‘বোলিং শুরু করতে পারব ছয় সপ্তাহ পরে। এখন বোলিং করতে পারব না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি—মূলত বোলার হলেও আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা স্মরণীয় করে রেখেছেন ব্যাট হাতে। কিন্তু চোটের কারণে গত মার্চের শ্রীলঙ্কা সফরের পর থেকেই আছেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে পাওয়া বাংলাদেশ দলের সাফল্যের দর্শক হয়েছেন অস্ট্রেলিয়ায় বসে। ‘অস্ট্রেলিয়ায় বসে দলের সিরিজ জয় দেখেছি। সিরিজ জেতার পর সেখানে সবাই আমাকে অভিনন্দন জানিয়ে পার্টি দিয়েছে। খুব গর্ববোধ করেছি’—বলছিলেন হাসান। এমন সাফল্যের অংশীদার হতে না পারায় আফসোস আছে তাঁর। তবু মনকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘নিউজিল্যান্ড সিরিজ অনেক বেশি মিস করেছি। কিন্তু ক্রিকেটে এ রকম হয়, মেনেও নিতে হয়। ইনজুরি আসবেই, পেস বোলারদের ক্ষেত্রে তো আরও বেশি। এখন চেষ্টা করব জাতীয় দলে ফিরতে। পাঁচ মাসের গ্যাপ হয়ে গেছে। ইনশাল্লাহ এ গ্যাপটা কাভার করতে পারব।’
মাশরাফি বিন মুর্তজাকে আদর্শ মানেন। চোট থেকে ফেরার পরীক্ষায় বসেও জপছেন তাঁর দেওয়া মন্ত্র, ‘মাশরাফি ভাই বলেন, একজন পেসার তো বটেই, যেকোনো খেলোয়াড়ের জীবনে ইনজুরি আসবেই। সেগুলো পেছনে ফেলে খেলায় ফিরতে হবে, এ মানসিকতাটা বেশি জরুরি। আমিও সেটা মনে রেখেই এগোতে চাই।’