ফেরার অপেক্ষায় শেবাগ
আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ নভেম্বর থেকে শুরু ঘরের মাঠের এই সিরিজ দিয়েই আবার মাঠে ফিরতে চান বীরেন্দর শেবাগ। ভারতের বিধ্বংসী এই ওপেনার বলেছেন, চোট পাওয়া কাঁধটায় এখন ভালো বোধ করছেন। ওয়েবসাইট।বিশ্বকাপের পর থেকেই কাঁধের সমস্যায় ভুগছেন শেবাগ। এই চোটের কারণেই ছিলেন না গত মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। কাঁধের অস্ত্রোপচারের পর ইংল্যান্ড সফরে শেষ দুটি টেস্ট খেললেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। বরং নিজের ছায়া হয়ে থাকাটাই প্রমাণ করেছে ফিটনেস ফিরে পাননি। তাই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ না খেলেই দেশের ফিরতি বিমানে চড়ে বসেন। শেবাগ নেই ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে চলমান ওয়ানডে সিরিজেও।দীর্ঘদিন পর পরশুই প্রথম মাঠে নামেন শেবাগ। দিল্লির হয়ে খেলেছেন জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ। যদিও মাঠে নেমে ভালো করতে পারেননি। করেছেন মাত্র ১ রান, বল করেছেন দুই ওভার। তাঁর দল দিল্লির হয়তো উপকার হয়নি, তবে শেবাগ পেয়ে গেছেন ইতিবাচক বার্তা, ‘এই ম্যাচ আমার ফিটনেস পরীক্ষায় সাহায্য করেছে। আমি ভালোভাবেই ব্যাট এবং বল করতে পারি। তবে থ্রো করতে এখনো সমস্যা হয়।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফেরার আশা শেবাগের।