ফেরার আশা ছাড়েননি শেবাগ
টেন্ডুলকারের ‘ক্লোন’ হয়েই তাঁর আবির্ভাব। ব্যাটিং-ঝড়ের সমার্থক ওপেনার কিছু ক্ষেত্রে এগিয়েও আছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটেও টেন্ডুলকার যা পারেননি, টেস্ট ক্রিকেটেই সেই ট্রিপল সেঞ্চুরি দুবার করেছেন বীরেন্দর শেবাগ। টেন্ডুলকার-উত্তর যুগে অন্তত কিছুদিন শেবাগই বইবেন ভারতের ব্যাটিংয়ের ভার, এমন ভাবনা তাই অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু হলো উল্টোটাই, টেন্ডুলকার দৃশ্যপটে থাকতে থাকতেই হারিয়ে যাওয়ার দশা শেবাগের। গত নভেম্বরে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম যখন ব্যস্ত টেন্ডুলকারকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়ায়, তখন কয়েক কিলোমিটার দূরের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে রঞ্জি ট্রফির ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছিলেন শেবাগ।
টানা ব্যর্থতায় ভারতীয় দল থেকে বাদ পড়েছেন গত মার্চে। ঘরোয়া ক্রিকেটেও চলছে রানখরা—চলতি মৌসুমে ১০টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৯.৯২ গড়ে মাত্র ২৭৯ রান, হাফ সেঞ্চুরি মাত্র একটি। তবে এই আঁধারেও আশায় বুক বাঁধছেন শেবাগ। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বলেছেন দলে ফেরার স্বপ্নের কথা, ‘আমি এখনো (বড় বড় শটের) অনুশীলন করে যাচ্ছি। সবাই ভারতের হয়ে খেলতে চায়, তরুণেরাও ভালো করছে। তারা ভালো খেলোয়াড়, রানও পাচ্ছে তবে আমিও চেষ্টা করে যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি। আশা করছি, অবসরের আগে আরেকবার সুযোগ পাব।’ ওয়েবসাইট।