ফেরার খুব কাছে মৃত্যুঞ্জয়ী আবিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়কর প্রত্যাবর্তনের পথে জোরেই পা চালাচ্ছেন এরিক আবিদাল। মৃত্যুকে জয় করা বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার অনুশীলনে ফিরেছেন আগেই। পরশু খেলে ফেললেন একটা প্রীতি ম্যাচও। একসময় চিকিৎসকেরা ‘তার পক্ষে আর কোনো দিন ফুটবল খেলা সম্ভব নাও হতে পারে’ বলে যে সংশয় প্রকাশ করেছিলেন, তা উড়িয়ে দিয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে ফেরার আরও কাছে পৌঁছে গেলেন আবিদাল। শিগগিরই হয়তো তাঁকে আবার দেখা যাবে বার্সেলোনার জার্সি গায়ে।গত শনিবার বার্সেলোনার মূল দলের চিকিৎসক রিকার্ড প্রুনা ইঙ্গিত দিয়েছেন, মাঠে ফেরার খুব কাছে পৌঁছে গেছেন আবিদাল, ‘সে কবে ফিরবে, এটা নিশ্চিত বলা সম্ভব নয়। তবে তার মনোবল এতটাই চাঙা, মনে হচ্ছে সে কঠিন কাজ করতে প্রস্তুত। অবশ্যই এটা নির্ভর করছে কোচদের ওপর। তবে সে ফেরার খুব কাছে।’ প্রুনার ওই ইঙ্গিতের পর আবিদাল প্রীতি ম্যাচে পরীক্ষাও দিলেন। বার্সেলোনার কোচিং স্টাফ নিশ্চয়ই ভাবতে শুরু করেছে। আবিদাল বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচে বার্সা জিতেছিল ২-১ গোলে। ২০১১ সালে তাঁর যকৃতের টিউমার অপসারণ করা হয়। গত বছরের এপ্রিলে প্রতিস্থাপন করা হয় যকৃৎটাই। দীর্ঘ আট মাসের সফল পুনর্বাসন পর্বের পর গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে অনুশীলনের অনুমতি দেন চিকিৎসকেরা। সেই থেকে একটু একটু করে প্রস্তুত করছেন নিজেকে। কতটা সুস্থ, সেটা পরখ করতেই পরশুর প্রীতি ম্যাচে নামা। বার্সেলোনারই অনুশীলন মাঠে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল ইস্ত্রেসের বিপক্ষে আবিদাল খেলেছেন ৬৫ মিনিট। এএফপি।