ফেরার ঘোষণা উডসের
অবশেষে নিজের আসল জগতে ফিরছেন টাইগার উডস। কাল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী মাসেই প্রতিযোগিতামূলক গলফে ফিরবেন তিনি। বছরের প্রথম মেজর টুর্নামেন্ট মাস্টার্স দিয়েই শুরু হবে তাঁর প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্রের অগাস্টা ন্যাশনাল গলফ ক্লাবে এ টুর্নামেন্ট শুরু হবে ৮ এপ্রিল।জ্যাক নিকলাসের রেকর্ড ১৮টি মেজর শিরোপা থেকে মাত্র চার ধাপ দূরে থাকা উডস যে বছরের চারটি প্রধান টুর্নামেন্টের প্রথমটি মিস করতে চান না, এ খবর জানা গিয়েছিল আগেই। তবে গত চার মাসে জীবনের অনেক কিছু ওলটপালট হয়ে যাওয়া ঘটনাবহুল সময়টা পেরিয়ে গলফে পুরোপুরি মনোনিবেশ করতে তাঁর কতটা সময় লাগবে—সেটি ছিল প্রশ্ন। প্রস্তুতিমূলক কোনো টুর্নামেন্ট না খেলে সরাসরি প্রথম মেজর টুর্নামেন্টে নামার ঘোষণা দিয়ে উডস জানিয়ে দিলেন, তিনি প্রস্তুত।‘অনেক লম্বা ও অতি জরুরি বিরতির পর মনে হচ্ছে, আমি মৌসুম শুরুর জন্য প্রস্তুত। অগাস্টা দিয়েই সেটি শুরু হবে। দ্য মাস্টার্স হলো সেই টুর্নামেন্ট, যেখানে আমি প্রথম মেজর জিতেছি। এ টুর্নামেন্টের প্রতি আমার তাই অগাধ সম্মান’—নিজের ওয়েবসাইটে এভাবেই ফেরার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী উডস। এএফপি।