ফেরার জন্য প্রস্তুত সুয়ারেজ
দল খেলছে মাঠে, অথচ তিনি দর্শক টিভি সেটের সামনে অথবা গ্যালারিতে। লুইস সুয়ারেজের এই কয় মাস কেটেছে ভীষণ হতাশায়। চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে দিয়ে যে ১০ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন খ্যাপাটে লিভারপুল স্ট্রাইকার! দেখতে দেখতে কেটে গেল নয়টি ম্যাচ। আর মাত্র বাকি একটি। এরপরই আবার মাঠে নামতে পারবেন সুয়ারেজ। প্রশ্ন জাগতেই পারে, দীর্ঘ বিরতির পর আগের সেই সুয়ারেজকে দেখা যাবে তো? কোচ ব্রেন্ডন রজার্স বেশ আশাবাদী। রজার্স জানাচ্ছেন, পুরোপুরি প্রস্তুত হয়েই ফিরে আসবেন সুয়ারেজ।
লিভারপুলের হয়ে খেলতে পারছেন না বটে, কিন্তু উরুগুয়ের হয়ে ঠিকই মাঠ মাতাচ্ছেন সুয়ারেজ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে করে ফেলেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। প্রায় ফিকে হতে চলা উরুগুয়ের বিশ্বকাপ-স্বপ্নটা ফিরে এসেছে সুয়ারেজে ভর করেই। ক্লাবে লম্বা সময় খেলেননি বলে মরচে ধরে গেছে, এমন আশঙ্কা তাই কম।
তার পরও লিভারপুলে সুয়ারেজের তত্ত্বাবধান চলছে আলাদাভাবেই। ক্লাবে অনুশীলন করে ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিয়ে সুয়ারেজকে ঝালিয়ে নেওয়া হচ্ছে। আর এখন যে পরিস্থিতি, তাতে সুয়ারেজকে আসলেই দরকার দলের। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে এই মুহূর্তে শীর্ষে লিভারপুল। কিন্তু রজার্সের দুশ্চিন্তা হয়ে এসেছে চোট। কাঁধের হাড় সরে যাওয়ায় প্লে-মেকার ফিলিপ কুটিনহো ছয় সপ্তাহের জন্য দলের বাইরে। চোট মাঠের বাইরে ঠেলে ফেলেছে গ্লেন জনসন ও আলি সিসোকোকেও। রয়টার্স।
আজ সাউদাম্পটনের সঙ্গে জিতলে এই সপ্তাহটাও লিভারপুল শীর্ষে থেকে শেষ করবে। আর তাতে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার স্বপ্নটাও উজ্জ্বল হবে। আপাতত সেটা দূরের পথ, রজার্স এখন সুয়ারেজকে পেতে ব্যাকুল। ২৫ সেপ্টেম্বরই লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারবেন সুয়ারেজ।