ফেরার মতোই ফিরলেন মার্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর দলে ফিরেই সেঞ্চুরি। উদ্যাপন তো করবেনই শন মার্শ । এএফপি
দুই বছর পর দলে ফিরেই সেঞ্চুরি। উদ্যাপন তো করবেনই শন মার্শ । এএফপি

যেভাবে তিনি শুরু করেছিলেন, অন্যদের কাছে সেটা স্বপ্ন। কিংবদন্তি বাবার হাত থেকে ব্যাগি গ্রিন ক্যাপ পাওয়া, ১৯তম অস্ট্রেলিয়ান হিসেবে অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি। শন মার্শের টেস্ট ক্রিকেটে পদার্পণ আসলেই ছিল বর্ণিল।
সেটা ২০১১ সালের সেপ্টেম্বরের কথা। এরপর মার্শকে কীভাবে যেন ভুলে যায় টেস্ট ক্রিকেট! কিংবা হয়তো মার্শও এমন কিছু করতে পারেন না যাতে তাঁকে মনে রাখে সবাই। পরের ৬ টেস্টের ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি, চারটি শূন্য সেই সাক্ষ্যই দেয়। ফল, ২০১২ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৩ রান করার পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকেই নাম কাটা পড়া। তারপর কখনো চোট, কখনো খারাপ ফর্ম, ব্যাগি গ্রিন ক্যাপ পরে আর মাঠে নামা হয়নি মার্শের। এমন একজনকে দক্ষিণ আফ্রিকা সফর এবং সেঞ্চুরিয়ন টেস্টে দলে রাখতে বেশ ভাবতে হয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। শেষ পর্যন্ত শেন ওয়াটসনের চোট আর জর্জ বেইলির না থাকাটা একটা সুযোগ করে দিল মার্শকে। সুযোগটা কী দারুণভাবেই না লুফে নিলেন জিওফ মার্শ-তনয়।
উইকেটে যখন আসেন অস্ট্রেলিয়া ২ উইকেটে ২৪। ডেল স্টেইন আর মরনে মরকেলের জোড়া আঘাতে কিছুটা নড়বড়ে মাইকেল ক্লার্কের দল। সেই তোপ সামলালেন দুই বছর পর দলে আসা মার্শ। দিন শেষে স্কোর বোর্ডের দিকে তাকালে এই সিদ্ধান্তের জন্য ক্লার্ক নিজেই নিজেকে বাহবা দেবেন। ২ উইকেটে ২৪ থেকে একসময় ৪ উইকেটে ৯৮ রানে পরিণত হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু অবিচল মার্শ আর স্টিভেন স্মিথের প্রতিরোধেই দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৯৭ রান। মার্শ অপরাজিত ১২২ রানে, সেঞ্চুরি হাতের নাগালে স্মিথেরও (৯১*)।
১২ রানে মার্শের ক্যাচ ফেলার জন্য নিশ্চয়ই আফসোসে পুড়ছেন হাশিম আমলা। তথ্যসূত্র: টেন ক্রিকেট।

একবার
সেঞ্চুরিয়নে এর আগে ১৮ টেস্টে মাত্র একবারই হেরেছে দক্ষিণ আফ্রিকা, ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

স্কোর কা র্ড
টস: দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস
রান বল ৪ ৬
রজার্স ক ডুমিনি ব মরকেল ৪ ১৯ ০ ০
ওয়ার্নার ব স্টেইন ১২ ১৬ ২ ০
ডুলান ক পিটারসন ব ম্যাকলারেন ২৭ ৫১ ৫ ০
মার্শ ব্যাটিং ১২২ ২৩২ ১২ ০
ক্লার্ক ক ফিল্যান্ডার ব স্টেইন ২৩ ৪৫ ২ ০
স্মিথ ব্যাটিং ৯১ ১৭৮ ১২ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৭, ও ৬, নো ১) ১৮
মোট (৯০ ওভারে, ৪ উইকেটে) ২৯৭
উইকেট পতন: ১-১৫, ২-২৪, ৩-৭২, ৪-৯৮।
বোলিং: স্টেইন ২০-৪-৫৪-২, ফিল্যান্ডার ১৬-২-৫৫-০, মরকেল ১৮-৫-৫৬-১ (ও ১), ম্যাকলারেন ১৬-৪-৫৩-১ (নো ১, ও ১), পিটারসন ১০-০-৩৪-০, ডুমিনি ১০-১-৩৪-০।