ফেরার লড়াইয়ে জয়ে শুরু ফরাশগঞ্জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে জয়ী ফরাশগঞ্জ ও পরাজিত চট্টগ্রাম আবাহনী দুই দলের কোচই হতাশ। দুটি দলই আগে পেশাদার লিগে খেলেছে। কিন্তু গত মৌসুমে অবনমিত হয়ে যায় স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। আর চট্টগ্রাম আবাহনীর অবনমন ২০১০ সালে। আবারও প্রিমিয়ার লিগে ওঠার চ্যালেঞ্জ নিয়েই এ বছর দ্বিতীয় স্তরে খেলাটা শুরু করল দুই দল।কালকের ম্যাচের প্রথমার্ধেই কয়েকটি সুযোগ পাওয়া ফরাশগঞ্জ শেষ পর্যন্ত গোল পায় ৫৪ মিনিটে। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার শওকতের হাতে বল লাগলে পেনাল্টি পায় ফরাশগঞ্জ। জহিরের নেওয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেও গোলরক্ষক সেলিম শেষ রক্ষা করতে পারেননি। ফিরতি বল থেকে গোল করেন পিন্টু দাস। বাকি সময় গোল শোধের চেষ্টা করে ব্যর্থ চট্টগ্রাম আবাহনী। হারের জন্য স্বল্প প্রস্তুতিকে দায়ী করেছেন চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম (লেদু), ‘হাজারো সমস্যা নিয়ে আমরা দল গড়েছি। হরতাল ও অবরোধের কারণে চট্টগ্রামে অনুশীলন করাই ছিল দুষ্কর। মাত্র ২০-২৫ দিনের অনুশীলনে খেলতে এসেছি।’ একই অনুযোগ ফরাশগঞ্জের কোচ মোহাম্মদ নাসিরের, ‘মাত্র পাঁচ দিন আগে দলটা হাতে পেয়েছি। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই চট্টগ্রাম ও খুলনায় লিগ খেলে এসেছে। এদের নিয়ে ভালোভাবে অনুশীলন করার সময়ই পাইনি।’লিগের রহমতগঞ্জ-ভিক্টোরিয়ার আজকের ম্যাচটি কমলাপুরে হওয়ার কথা থাকলেও সেটা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কমলাপুরের মাঠ প্রস্তুত না হওয়াতেই এই সিদ্ধান্ত।