ফেরার শুরু রাইডারের
জেসি রাইডারের খবরটা আড়ালেই পড়ে গিয়েছিল। তবে সবার অলক্ষ্যে সুস্থ হওয়ার সংগ্রামে নিজের কাজটা ঠিকমতো করে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। ফিটনেস ফিরে পেতে এখন শরীরচর্চা শুরু করেছেন। যথেষ্টই শারীরিক উন্নতি হয়েছে রাইডারের, মাস দেড়েক আগে যিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। টুইটারে নিউজিল্যান্ডের ২৮ বছর বয়সী ব্যাটসম্যানই জানিয়েছেন ওয়েলিংটনে গিয়ে শরীরচর্চা করছেন তিনি। তবে এটাও বলেছেন, শারীরিকভাবে ভয়াবহ ওই ঘটনার মূল্য তাঁকে ঠিকই দিতে হচ্ছে। ‘মৃত্যুর দুয়ারে পৌঁছানো আমি আজ জিমে ফিরেছি’—টুইটারে জানিয়েছেন রাইডার। গত ১৮ মার্চ ভোররাতে ক্রাইস্টচার্চে পানশালার বাইরে তাঁর ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া রাইডারকে সঙ্গে সঙ্গেই নেওয়া হয় হাসপাতালে। অচেতন অবস্থায় দুই দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে কাটানোর পর জ্ঞান ফেরে তাঁর। ওয়েবসাইট।