ফেল্প্স মনে করেন, তাঁর রেকর্ডও একদিন ভাঙবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলপসের ২৩টি সোনার রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবেন? ছবি: এএফপি।
ফেলপসের ২৩টি সোনার রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবেন? ছবি: এএফপি।

অলিম্পিক থেকে বিদায়ী সংবাদ সম্মেলন দুটি হয়ে গেল মাইকেল ফেল্‌প্‌সের। লন্ডন অলিম্পিক শেষে একবার করেছিলেন, আজ একটু আগে আবারও করলেন রিও ডি জেনিরোতে। চেয়ারে বসার আগেই আবারও ফেরার সম্ভাবনা নিয়ে এক সাংবাদিকের কথার জবাবে হাত দিয়ে গলায় পোচ দেওয়ার ভঙ্গি করে বললেন, ‘গন’, ‘গন’!
কিছুক্ষণ পর আবারও যখন এই প্রসঙ্গ উঠল, বললেন, ‘রায়ান (লোক্‌টি) চার বছর পর আবার ফিরলেও ফিরতে পারে। কিন্তু আমি আর ফিরছি না।’
ফেল্‌প্‌সের অলিম্পিক শেষ হয়ে যাচ্ছে। তবে অলিম্পিক ইতিহাসে নিজের নাম অক্ষয় করে রাখার কাজটি করে যাচ্ছেন তিনি। সবচেয়ে বেশি সোনার পদকের রেকর্ড আগে থেকেই তাঁর ছিল। সেটিকে নিয়ে গেছেন ২৩-এ। মোট পদক ২৮টি। যেটি বলার পর নিজেই বলছেন, ‘ইটস ইনসেইন!’ পাগুলে ব্যাপার তো বটেই।
এই রেকর্ড কি কেউ কোনো দিন ভাঙতে পারবেন? মাইকেল ফেল্‌প্‌স নিজে কী মনে করেন? ফেল্‌প্‌সের মুখের হাসিটা বলল, সেই সম্ভাবনা খুব একটা দেখছেন না। তবে মুখে বললেন, ‘কেউ যদি এই রেকর্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমি খুশিই হব। রেকর্ড ভাঙতে দেখতে আমাদের সবারই ভালো লাগে। আর রেকর্ড নিয়ে একটা কথাই আছে—রেকর্ড হয়ই ভাঙার জন্য। মার্ক স্পিৎজের রেকর্ড একদিন ভেঙে যাবে, এটাও তো অনেকে ভাবতে পারেনি। কিন্তু ভেঙেছে তো! এমনই হয়। আমার রেকর্ডও হয়তো একদিন ভাঙবে। কবে, কোথায়, এটাই হলো প্রশ্ন।’
মার্ক স্পিৎজের যে রেকর্ডের কথা বললেন, সেটি ফেল্‌প্‌সই ভেঙেছেন। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ৭টি সোনা জিতে অলিম্পিকের এক আসরে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড গড়েছিলেন মার্কিন সাঁতারে ফেল্‌প্‌সের পূর্বসূরি। বেইজিং অলিম্পিকে ৮টি সোনা জিতে যে রেকর্ডকে অতীত বানিয়ে দিয়েছেন ফেল্‌প্‌স।
তাঁর রেকর্ডও একদিন ভেঙে যাবে বলছেন, তবে সেটির জন্য যে পূর্বশর্তের কথা বলে দিচ্ছেন, তা পূরণ করা সহজ নয়। ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বিস্ময়কর যদি কোনো কিছুকে বলি, তা হলো দীর্ঘ সময় ধরে সুতীব্র ইচ্ছা ও নিবেদন ধরে রাখা। এ কারণেই আজ আমি এখানে।’
এই সুতীব্র ইচ্ছা আর নিবেদন থাকলেই তো হবে না, ফেল্‌প্‌সের মতো প্রতিভাও থাকতে হবে। রেকর্ডের জন্ম ভেঙে যাওয়ার জন্য—এটা মেনে নিয়েও তাই মনে প্রশ্ন জাগে, এমন কেউ কি আর সত্যি আসবে আর কোনো দিন!