ফেলপসের জন্মদিনের উপহার
গত পরশু ছিল তাঁর জন্মদিন। ২৭তম জন্মদিনের সেরা উপহারটা নিজেই নিজেকে দিলেন মাইকেল ফেলপস। পরশু যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রায়ান লোকিটকে হারিয়ে শোধ তুলেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে পরাজয়ের।লন্ডন অলিম্পিকে ২৭ বছর বয়সী লোকিটই সম্ভবত বেইজিং অলিম্পিকে আট সোনাজয়ী ফেল্পেসর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফেলপস নিজেও সেটা জানেন। এই সপ্তাহেই স্বদেশি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সাঁতারপুলে নামলেন তিনবার। সোমবার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্্প্সকে হারান লোকিট। ফেলপস পরশু ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১ মিনিট ৫৪.৮৪ সেকেন্ড সময় করে সবার আগে সমাপ্তিরেখা ছুঁয়ে শোধ তুলেছেন সেই পরাজয়ের। তবে ২০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জেতার মাত্র ৩০ মিনিট পরই এই ইভেন্টে নেমে লোকিট ঠিকই চ্যালেঞ্জ জানিয়েছেন ফেলপসকে। সময় করেছেন দশমিক ১১ সেকেন্ড বেশি।এ নিয়ে লন্ডনের চারটি ইভেন্ট নিশ্চিত করেছেন ফেলপস। ১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে দ্রুততম সময় করে পঞ্চমটিও নিশ্চিত করার পথে। এর পর বাকি থাকবে তিনটি রিলে। তাহলেই বেইজিংয়ের মতো আটটি ইভেন্টে অংশ নেওয়া নিশ্চিত। এক ঘণ্টায় তিনবার পুলে নামা লোকিটরও তাই। তাঁর চারটি ইভেন্ট এরই মধ্যে নিশ্চিত, ১০০ মিটার বাটারফ্লাইয়েরও ফাইনালের জন্যও টিকে গেছেন। এরপর তাঁর সামনেও থাকবে তিনটি রিলে। রয়টার্স।