ফেলপ্স্ আটে নয়, সাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিংয়ের সাফল্যের পুনরাবৃত্তি আর করতে পারছেন না মাইকেল ফেলপ্স্। প্রত্যাশার পৃথিবীটা ছোট করে ফেললেন ফেলপ্স্ নিজেই। কোচের পরামর্শে সরে দাঁড়ালেন ২০০ মিটার ফ্রিস্টাইল থেকে। সুতরাং আটটি নয়, লন্ডন অলিম্পিকে ফেলপ্স্ সাঁতরাবেন সাত ইভেন্টে। গত পরশু টুইটারে তাঁর কোচ বব বোম্যানই নিশ্চিত করেছেন এটি। অথচ পরশু সকালেও জানা গিয়েছিল, এথেন্স, বেইজিংয়ের মতো লন্ডনেও আট ইভেন্টেই সাঁতরাবেন ফেলপ্স্।ইতিহাসের প্রথম সাঁতারু বা অ্যাথলেট হিসেবে বেইজিংয়ে গড়েছিলেন এক অলিম্পিকে আটটি সোনা জয়ের অতিমানবীয় কীর্তি। লন্ডনেও তাঁর দৃষ্টি ছিল সেদিকেই। তিনটি রিলেতে তিনি ‘অটোমেটিক চয়েস’। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ব্যক্তিগত পাঁচ ইভেন্টের চারটিতেই প্রথম ও একটিতে দ্বিতীয় হয়ে আট ইভেন্টে পুলে নামা নিশ্চিতও করেছিলেন ২৭ বছর বয়সী সাঁতারু। কিন্তু তালিকা থেকে ২০০ মিটার ফ্রিস্টাইল কেটে দিলেন। লন্ডনে সাঁতরাবেন ১০০ ও ২০০ মিটার ব্লাটারফ্লাই, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের সঙ্গে তিনটি রিলে—এই সাত ইভেন্টে।বেইজিংয়ে আট সোনার একটি ছিল এই ২০০ মিটার ফ্রিস্টাইলে। এবারও ট্রায়ালে প্রথম হয়েছিলেন। তার পরও সরে দাঁড়ালেন কেন ফেলপ্স্? ব্যস্ত সূচি তো আছেই, আরেক কারণ বাকি ইভেন্টগুলোতে সোনার সম্ভাবনা জোরালো করা। সাঁতারের দ্বিতীয় দিনেই ২০০ মিটার ফ্রিস্টাইলের হিট এবং সেমিফাইনাল। একই দিনই ৪–১০০ মিটার রিলের ফাইনাল। পরের দিন এই ইভেন্টের ফাইনাল, ওইদিনই আবার ২০০ মিটার ব্লাটারফ্লাইয়ের হিট ও সেমিফাইনাল। ‘সবগুলো ইভেন্টই আমি ভেবে দেখেছি এবং এটা সরাসরি সূচির ওপর এসে পড়ে। এটা বাদ দেওয়ায় সে সাত ইভেন্টে পূর্ণোদ্যমে অংশ নেওয়ার সুযোগ পাবে।’ বলেছেন বোম্যান। ২০০ মিটার ফ্রিস্টাইল বাদ দেওয়ার আরেকটি কারণ বেইজিংয়ে সোনা জয়ের পর গত দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই চার ল্যাপের ইভেন্টটিতে হেরেছেন। ট্রায়ালে প্রথম হলেও সময় নিয়েছেন ১ মিনিট ৪৫.৭০ সেকেন্ড, যা লন্ডনে সোনা জয়ের জন্য যথেষ্ট হবে না বলেই মনে করেন কোচ। তাই ফেলপ্সেক সরে দাঁড়ানোর পরামর্শ তাঁর। ফেলপ্স্ সরে দাঁড়ানোয় রায়ান লোকটির সঙ্গে এই ইভেন্টে সুযোগ পেয়ে গেছেন ট্রায়ালে তৃতীয় হওয়া রিকি বেরেন্স। অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়ে বেরেন্স উচ্ছ্বসিত, ‘আজকের দিনটা মহান।’আট ইভেন্টে অংশ নেবেন না, তার পরও দুটি অনন্য রেকর্ডের হাতছানি নিয়েই লন্ডনে যাচ্ছেন ফেলপ্স্। এথেন্সের পর বেইজিংয়েও ১০০ ও ২০০ মিটার ব্লাটারফ্লাই, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন। প্রথম পুরুষ সাঁতারু হিসেবে লন্ডনে তাঁর সামনে টানা তিন অলিম্পিকে এই চার ইভেন্টে সোনা জয়ের সুযোগ। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে তাঁকে। তিনটি অলিম্পিকে ফেলপ্স্ জিতেছেন ১৪টি সোনা ও দুটি ব্রোঞ্জ। আর তিনটি হলেই রাশিয়ান জিমন্যাস্ট লারিসা লাতিনিনার ১৮টি পদকের রেকর্ড ভেঙে গড়বেন নতুন রেকর্ড।এদিকে প্রথম অলিম্পিকেই রেকর্ড গড়তে যাচ্ছেন মিসি ফ্রাঙ্কলিন। যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা সাঁতারু হিসেবে ১৭ বছর বয়সী তরুণী লন্ডনে অংশ নেবেন সাতটি ইভেন্টে। এএফপি, রয়টার্স।