ফেলে আসা ডার্বির জন্য আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু নিশ্চল-স্থির, কিন্তু নিষ্প্রাণ নয়। যেকোনো সময় একটা চরিত্রের আগমন অলস ছবিটাকে নাড়িয়ে দিয়ে যাবে। তার পর আবার সেই নিস্তরঙ্গ সময়ের মধ্য দিয়ে যাত্রা, প্রাণচঞ্চল হতে নতুন কোনো চরিত্রের অপেক্ষা। ডার্বি মিডল্যান্ড স্টেশন যেন আর্ট ফিল্মের কোনো দৃশ্য।ফ্রেমে বাঁধানো ছবির সঙ্গে ছোট মিডল্যান্ড স্টেশনের একটাই পার্থক্য। ছবি নড়ে না, ট্রেনের যান্ত্রিক শব্দে এই স্টেশন স্পন্দিত হয় মাঝেমধ্যেই। শুধু স্টেশনটাই নয়, দিন পাঁচেক আগে যখন ডার্বিতে প্রথম আসি, স্টেশনের বাইরের ফুটপাতে পা রেখেও মনে হয়েছিল—শিল্পীর আঁকা কোনো ছবির ফ্রেমে ঢুকে পড়লাম না তো! সামনের রাস্তায় মানুষ বলতে সদ্য ট্রেন থেকে নামা যাত্রীরা। আমাদের ট্যাক্সির জন্য অপেক্ষার সময়টাতে তারাও কোথায় হারিয়ে গেল। পিচঢালা রাস্তা আর রাস্তার ধারের লাল ইটের দালানকোঠাগুলো আবারও ছবির মতো স্থির।অলস সুন্দর ডার্বির সেই ফ্রেম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ব্যস্ততম লন্ডনের উদ্দেশে। দুই পাশে একটার পর একটা স্টেশন, একটার পর একটা ছবির ফ্রেম ফেলে ইস্ট মিডল্যান্ড ট্রেন ছুটে চলেছে গন্তব্যে। আরেকটি সপ্তাহের চক্রপূরণের লক্ষ্যে ছুটে চলেছে লন্ডনের বাইরে কোথাও ‘উইকএন্ড’ কাটিয়ে ফেরা লোকজন।ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে বাংলাদেশ দলের আড়াই দিনে হেরে যাওয়া ম্যাচটা ছাড়া ফেলে আসা ডার্বির সবকিছুই মনে রাখার মতো। শহরটার মতোই গোছানো ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব আর তার গা-ঘেঁষা ডেজ হোটেল, ঝকঝকে ফাঁকা রাস্তাঘাট, প্রতিদিন কাজ শেষে হাঁটা দূরত্বের সিটি সেন্টারে যাওয়া, সপ্তাহের শেষ দুটি দিন কর্মব্যস্ত মানুষের মুক্তির আনন্দ—ডার্বির সৌন্দর্য একটু একটু করে বাড়িয়ে দিয়েছে এর সবই।ইংল্যান্ডে এখন ‘সামার’। বাংলাদেশে গরমে মানুষ অতিষ্ঠ হয়, আর এ দেশে সবাই সেটা উপভোগ করে। স্থানীয় যাঁর সঙ্গেই দেখা হয়েছে, শুভেচ্ছা বিনিময়ের পরের কথাটাই হয়েছে, ‘খুব ভালো সময়ে ইংল্যান্ড এসেছ।’ মনে মনে বলি, ভালো সময় তো এখানে এসে হঠাৎ পাওয়া! নইলে ঢাকা থেকে যে হাড় কাঁপানো ঠান্ডার কথা শুনে এসেছি, লাগেজ খুললে তো খালি গরম জামা-কাপড়ই বেরিয়ে আসে।বছরের এই সময়টাতে ইংল্যান্ডে কম জামা কাপড় পরার নিয়ম। স্বল্পবসনা তরুণীরা প্রতিদিনই একটু একটু করে খোলস থেকে বেরিয়ে ঘোষণা করছে গ্রীষ্মকালীন স্বাধীনতা। সোয়েটার-জ্যাকেট খসে গেছে ছেলেদের গা থেকে। ডার্বির রাস্তায় তো দু-একজনকে শার্টও খুলে ফেলতে দেখলাম! এদিক দিয়ে ইংলিশদের চেয়ে আমরাই বোধ হয় বেশি সভ্য। ঢাকায় ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও অফিস-ফেরত কাউকে কখনো শার্ট খুলে খালি গায়ে বাড়ি ফিরতে দেখবেন না। ঘামে শার্ট ভিজে যাবে, তবু ফাঁস হয়ে গলা বেঁধে রাখা টাইটা পর্যন্ত খুলবেন না তাঁরা। আর এখানে অফিস-ফেরত অনেকের শার্টই বাংলাদেশের কৃষকের গামছার মতো। গায়ে না থেকে, ওটার স্থান কাঁধে।আবহাওয়া থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান—এখানকার কোনো কিছুরই আমাদের দেশের সঙ্গে মেলার কোনো কারণ নেই। মেলাতে হলে বাংলাদেশকেই আগে ইংল্যান্ড হতে হবে। সেটা যখন সম্ভব না, খামোখা আর আফসোস বাড়িয়ে লাভ কী? আমরা বরং আমাদের সবুজ-শ্যামল দেশটা নিয়েই থাকি। আর ইংলিশরা অভিজাত হয়েছে তো তাদের চেষ্টায়, বাইরে থেকে কেউ এসে তাদের এ রকম বানিয়ে দিয়ে যায়নি। আমাদের পিছিয়ে পড়ার অভিযোগ যখন নিজেদের বিরুদ্ধেই, চুপ থাকা ভালো।একটা জায়গায় অবশ্য চাইলেও চুপ থাকার উপায় নেই। ওই জায়গাটাতেই যে কেবল বাংলাদেশ পারে ইংল্যান্ডের কাছাকাছি আসতে! জায়গাটা ক্রিকেট, তবে মাঠের ক্রিকেটের আগে মাঠের বাইরের ক্রিকেট। মাঠের ক্রিকেটে ইংল্যান্ডের সমকক্ষ হওয়ার দৌড় আটকে যায় সামর্থ্যের প্রশ্নে। শারীরিক গঠন থেকে শুরু করে ক্রিকেট শিক্ষা, খেলার গুণগত মান সবকিছুতেই এত তাড়াতাড়ি ইংল্যান্ডের সমান্তরালে হাঁটা কঠিন। কিন্তু মাঠের বাইরের ক্রিকেট, মানে সাংগঠনিক দিক বা অবকাঠামোগত বিষয়গুলোয় বাংলাদেশ এই ক্রিকেট-উন্নত এই দেশটার কাছাকাছি আসতেই পারে। সে পথ ধরে তখন আরও এগোতে পারে মাঠের ক্রিকেটও। এ জায়গায় আর্থিক সামর্থ্যের প্রশ্ন তুলতে পারেন কেউ কেউ। জাতীয় দলের ক্রিকেটারদের গায়ের ছেঁড়া জ্যাকেট প্রশ্নটায় সমর্থনও দেবে। কিন্তু যে বোর্ডের কর্তাব্যক্তিরা বোর্ডের খরচে নিয়মিত বিদেশ ঘোরেন, তাদের টাকার অভাব আছে বললে বিশ্বাস করা কঠিন। বরং বলতে পারেন, সঠিক জায়গায় টাকা খরচ করতেই তাঁদের যত কষ্ট।আসল সমস্যাটা ধরতে পেরেছেন নিশ্চয়ই। বাংলাদেশ যে কারণে কখনো ইংল্যান্ড হবে না, বাংলাদেশের ক্রিকেটও সে কারণেই কখনো ইংল্যান্ডের ক্রিকেটের মতো হবে না। মৌলিক সমস্যা যে মানসিকতায়!