ফেলে আসা সময়ের থাবা
নির্ধারিত চা-বিরতির সময়টায় ম্যাচে তুমুল উত্তেজনা। ভাববেন না ক্রিকেট ম্যাচ। টেস্ট শেষ হয়ে গেছে আরও ঘণ্টা খানেক আগে। লঙ্কানরা তখন জমিয়ে খেলছিল ফুটবল! মাঠের ক্রিকেটে তো লড়াই ব্যাপারটিই ছিল না। নিজেদের মধ্যে ফুটবল ম্যাচে সে কী প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ!
এই ম্যাচের সুরতহাল প্রতিবেদনে সবচেয়ে বেশি যা ধরা পড়বে, ‘শ্রীলঙ্কা যত না বড় ব্যবধানে জিতেছে, তার চেয়ে বাজেভাবে হেরেছে বাংলাদেশ।’ এমন টেস্ট অনেক দিন খেলেনি বাংলাদেশ। গত ৫-৬ বছরে সব বড় হারেই অন্তত ছিল কিছু ব্যক্তিগত প্রাপ্তি কিংবা খানিক দলগত লড়াইয়ের ছাপ। কিন্তু বাংলাদেশ দলের বর্তমান বাস্তবতায় এই মিরপুর টেস্ট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাচ্ছে না কোনো ইতিবাচক দিক। কাল সংবাদ সম্মেলনে যে এমন বিধ্বস্ত দেখাল মুশফিকুর রহিমকে, হতাশ শোনাল কণ্ঠ, কারণটা সহজেই অনুমেয়।
ম্যাচটির আবহ সংগীত ছিল ‘স্পোর্টিং উইকেট’। মুশফিক-সাকিবরা তাই উদ্বুদ্ধ হয়েছিলেন জয়ের মন্ত্রে। বাংলাদেশের বরাবরের প্রবল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশাবাদকে অলীকও মনে হয়নি। স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছিল গত কিছুদিনের ধারাবাহিকতা আর লঙ্কানদের মাটিতে সর্বশেষ সিরিজের স্মৃতি। বিশ্ব ক্রিকেট রাজনীতির নোংরা খেলা আর টেস্ট খেলার অধিকার কেড়ে নিতে চাওয়ার প্রেক্ষাপটে এই টেস্টে বাংলাদেশের দারুণ কিছু করাটা ছিল সবার কাছেই ভীষণ কাঙ্ক্ষিত। অথচ এই টেস্টেই কি না চেপে বসল সেই পুরোনো ভূত!
একসময় বাংলাদেশের বেশির ভাগ টেস্টেই যা ছিল নিয়মিত চিত্র, মিরপুরে এবার তার সব কটিই এসে পড়ল। ব্যাটিংয়ে ছিল না নিবেদনের লেশমাত্র, বোলিং দিশা আর পরিকল্পনাহীন, ফিল্ডিং গড়পড়তার চেয়েও নিচে, শরীরী ভাষা নিস্পৃহ। ম্যাচের প্রথম দিনেই আড়াই শর নিচে গুটিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ দুদিন ধরে ব্যাটিং করলে শরীর আর মনে প্রভাব পড়েই। শরীর নড়তে চায় না, মন সায় দেয় না। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সোহাগ গাজীও সেই যুক্তি দিলেন। তবে তার একটু আগেই সংবাদ সম্মেলনে মাহেলা জয়াবর্ধনে বলে গেছেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের আসল পরীক্ষা! যখন মন অবসাদগ্রস্ত আর শরীর ক্লান্ত, সেটিকে জয় করতে পারাই টেস্টের চ্যালেঞ্জ!’
তিন পেসার খেলানোর পক্ষে যৌক্তিক কিছু কারণ অবশ্যই ছিল। কিন্তু সিদ্ধান্তটিকে হাস্যকর বানিয়ে ফেলেছেন রুবেল ও রবিউল। দুজন না পেরেছেন উইকেট নেওয়ার মতো বল করতে, না পেরেছেন টানা ভালো লাইন-লেংথ রেখে লঙ্কান ব্যাটসম্যানদের চাপে রাখতে। রবিউল তবু দু-একটি স্পেলে কিছুটা অস্বস্তিতে ফেলতে পেরেছেন, রুবেল যাচ্ছেতাই। উইকেট নেওয়ার সামর্থ্য আর আক্রমণাত্মক বোলার বলে টেস্ট একাদশে রুবেলের জায়গা নিয়মিত। কিন্তু ১৯ টেস্টে ২৬ উইকেট, গড় ৮১.২৩—এই পরিসংখ্যান রুবেলকে নিয়ে এখন ভাবতে বলছে। ১টির বেশি উইকেট নিয়েছেন, এমন বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে গড় রুবেলেরই! দুই পেসার খেলালে যাঁর জায়গা হতো না, সেই আল আমিন হোসেনই বরং ছিলেন দলের সেরা বোলার। লেংথ ও বাউন্সে বেশ ভুগিয়েছেন লঙ্কানদের। ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বা একমাত্র উজ্জ্বল দিক এই আল আমিন।
তবে ব্যাটিংয়ে নিবেদনের অভাব এত বেশি ছিল যে আপাতত আড়ালে পড়ে যাচ্ছে বাকি সবকিছু। প্রথম ইনিংসের ব্যাটিংকে তবু ক্রিকেটের ‘ওয়ান অব দোজ ডেজ’ বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু দ্বিতীয় ইনিংস? প্রথম ইনিংসের ভুল থেকে আর লঙ্কানদের ব্যাটিং দেখে কিছু শেখার প্রমাণ নেই দ্বিতীয় ইনিংসে। ‘কীভাবে উইকেট ছুড়ে আসতে হয়’ কিংবা ‘টেস্ট ব্যাটিং যেভাবে করা উচিত নয়’—এসবের প্রামাণ্যচিত্র হতে পারে বাংলাদেশের দুটি ইনিংস। তামিমের দুটি আউট নিয়ে কথা না বলাই ভালো। মুশফিক পর্যন্ত কাল বলতে বাধ্য হলেন, ‘সবাই সহজাত ব্যাটিংটাই করতে চায়, তবে মাঝেমধ্যে দলের কথাও একটু ভাবা উচিত।’ ফিফটি করলেও আরেক পাশে একের পর এক উইকেট পতনের মাঝে মুমিনুল যেভাবে শট খেলে গেছেন, টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাঁর ভাবমূর্তিকে তা উজ্জ্বল করেনি। আগের দিন সংবাদ সম্মেলনে ১০০ বল খেলে ১০ রান করার প্রতিজ্ঞা করা সোহাগ কাল উইকেটে গিয়েই তেড়েফুঁড়ে মারতে শুরু করলেন। নিবেদন না থাকার দায়টা আসলে বর্তায় কম-বেশি সব ব্যাটসম্যানের কাঁধেই।
একসময় আলাদা করে এসব বলতে হতো না, এটাই যে ছিল নিয়মিত চিত্র! ম্যাচ শেষে খুঁজতে হতো ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কোনটিতে কম খারাপ করেছে বাংলাদেশ। চিত্রটা গত কয়েক বছরে পাল্টে গিয়েছিল। প্রথম ৫৭ টেস্টের ৩৩টিতেই যেখানে ছিল ইনিংস হার, কালকের ইনিংস হার সেখানে সর্বশেষ ২৫ টেস্টে মাত্র তৃতীয়। ধীরে হলেও উন্নতির ছাপটা চোখে পড়ছিল প্রায় প্রতি টেস্টেই। হঠাৎই যেন ৫-৬ বছর আগে ফিরে যাওয়া।
আশার দিক এখন একটিই, তিন বিভাগেই এর চেয়ে খারাপ আর হতে পারে না। এখান থেকে কেবল উন্নতিই করা যায়! হ্যাঁ, এক ম্যাচেই কোনো দল বাজে হয়ে যায় না। গত কিছুদিনের ধারাবাহিকতাও মিথ্যে হয়ে যাচ্ছে না একটি বাজে ম্যাচে। পুরোনো বাংলাদেশে ফিরে যাওয়া শুধুই একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’, চট্টগ্রামে সেটি প্রমাণ করাই এখন মুশফিকদের মূল চ্যালেঞ্জ।