ফেল্ডমানকে নিয়ে হ্যান্ডবলে ব্যস্ত সময়
বাংলাদেশের হ্যান্ডবলে এখন ব্যস্ত সময় কাটছে এক জার্মান ভদ্রলোককে নিয়ে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের হ্যান্ডবল প্রশিক্ষক ক্লাউস ফেল্ডমান নিজেও বেশ উপভোগ করছেন তাঁর প্রথম বাংলাদেশ সফর।
হ্যান্ডবল কোচদের প্রশিক্ষণ দিতে ৫০ ছুঁই-ছুঁই ফেল্ডমান এ দেশে কাটিয়ে দিয়েছেন ১০ দিন। আগামী পরশু দেশে ফেরার কথা। এরই মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতে কোচদের প্রশিক্ষণ দিয়ে এসেছেন। এখন চলছে ঢাকায়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫৫ জন কোচ নিয়ে কাল বিকেলের সেশন শেষে বললেন, ‘বাংলাদেশের কোচদের আরও প্রশিক্ষণ দিতে পারলে ভালো ফল আসবে ভবিষ্যতে।’ হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু ১৯৯৬ সালে, গত ১৭ বছরে সফর করেছেন প্রায় ৩৫টি দেশ। সেই বিশাল অভিজ্ঞতার ভান্ডার থেকে বাংলাদেশে কিছু দিয়ে ফিরে যাচ্ছেন অনেক স্মৃতি নিয়ে। নিজে একসময় হ্যান্ডবল খেলেছেন। স্ত্রীও খেলতেন হ্যান্ডবল। হ্যান্ডবল পরিবারের এ মানুষটি ভালোবেসে ফেলেছেন বাংলাদেশকে। তাই বলছেন, ‘বাংলাদেশে আবার আসতে চাই। এই কদিনে বুঝলাম শারীরিকভাবে আরেকটু সক্ষম হলে বাংলাদেশের খেলোয়াড়েরা হ্যান্ডবলে ভালো করবে। তাদের স্কিল বেশ ভালো।’