ফেল্প্স আছেন আনন্দেই
হাসছেন। কৌতুক করছেন। সতীর্থদের সঙ্গে খুনসুটিও। তাঁকে দেখে মনে হচ্ছে না আর কটা দিন পরই অলিম্পিক। মনে হচ্ছে না, পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরে সবচেয়ে বেশি চোখ আটকে থাকবে তাঁর ওপরেই। মাইকেল ফেল্প্স আনন্দেই আছেন।অলিম্পিকে রেকর্ড ১৪টি সোনার পদক জেতা মার্কিন এই সাঁতারু এখন ফ্রান্সে। এখানেই চলছে তাঁর অলিম্পিকের শেষ প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সাঁতার দলটা তাঁবু গেড়েছে ফ্রান্সেই। পরশু সেখানেই অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছেন, পুরো সাঁতার দলই বেশ উপভোগ করছে অনুশীলন, ‘সবাই হাসিখুশি আছে। সবাই ঠাট্টা-তামাশা করছি। আমরা সবাই বেশ রোমাঞ্চিত, তবে পুলে ও পুলের আশপাশে আমরা অনেক হাসাহাসিও করছি।’এই হাসির দমকে কিন্তু নিজেদের লক্ষ্যের কথা কেউ ভুলে যাচ্ছেন না। নিজের শেষ অলিম্পিকে যাচ্ছেন। আর তিনটি পদক পেলে সর্বকালের সফলতম অলিম্পিয়ান হয়ে যাবেন। ১৪টি সোনার পাশাপাশি দুটি ব্রোঞ্জ, ফেল্পেসর মোট পদক ১৬টি। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সাবেক জিমন্যাস্ট লারিসা লাতিনিনা জিতেছেন ১৮টি পদক—৯টি সোনা, ৫টি রুপা, ৪টি ব্রোঞ্জ। ‘অবশ্যই আমরা সবাই আমাদের সেরাটা ঢেলে দিয়ে যথাসম্ভব দ্রুত সাঁতরাতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য’—বলেছেন এই ২৭ বছর বয়সী কিংবদন্তি সাঁতারু।গতবার ৮টি ইভেন্টে লড়ে ৮টিতেই সোনা জিতেছিলেন। এবার অবশ্য একটি ইভেন্ট বাদ দিয়েছেন। ফেল্প্স লড়বেন ৭টি ইভেন্টে। তার পরও এতগুলো ইভেন্টে খুব সম্ভবত আর একজন সাঁতারুই সাঁতরাবেন, ফেল্পেসরই সতীর্থ ১৭ বছর বয়সী মিসি ফ্রাঙ্কলিন। সে হিসাবে তাই আটে-আট এবার হচ্ছে না। সতীর্থ রায়ান লোকিটর উত্থানের কারণে ২০০ আর ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও ফেল্প্স নিরঙ্কুশ ফেবারিট নন। ফেল্প্স অবশ্য আশাবাদী। জোর দিয়েই বলছেন, ‘ইতিহাস নতুন করে লিখতে পারাটা হবে দারুণ ব্যাপার।’তবে ফেল্প্সও জানেন, বেইজিংয়ের কীর্তি পুনরাবৃত্তি সম্ভব নয়। মার্ক স্পিৎজ জীবনে একবারই সাতটি সোনা জয়ের কীর্তি গড়তে পেরেছেন এই অলিম্পিকে। মাইকেল ফেল্পেসর এই কীর্তিও একবারই সম্ভব। বারবার হয় না। ফেল্প্স বলেছেন, ‘আমি জানি, এবার আটটি পদক আর কোনোভাবেই জেতা সম্ভব নয়। আপনারা যদি বেইজিংয়ের আর এখনকার আমার সঙ্গে তুলনা করেন, এটা আপনাদের ভুল, আমার নয়।’ এবার অলিম্পিকে তিনি কোনো প্রত্যাশার বোঝা বইতে রাজি নন। এবারের অলিম্পিকে নামবেন ‘উপভোগে’র জন্য। ‘আমার মন আর হূদয় যা চাইছে, আমি সেটা পেতেই এবার সেখানে লড়াই করব। আমি সেটা করতে পারলাম কি না, উপভোগ করলাম কি না, সেটাই আসল’—বলেছেন তিনি।স্বাভাবিকভাবেই লাতিনিনার রেকর্ড ভাঙা নিয়ে এবার কথা হচ্ছে অনেক বেশি। ফেল্প্স আর মাত্র তিনটি পদক জিততে পারবেন না, এটা চরম হতাশাবাদীরাও বিশ্বাস করে না। ফেল্প্স অবশ্য দাবি করছেন, সাফল্য তিনি পদক গুনে মাপেন না, ‘নিজের সাঁতার পোশাক তুলে রাখার পর যখন পেছন ফিরে তাকাব, আমি যেন বলতে পারি, ক্যারিয়ারে যা করতে চেয়েছি, আমি তার সবটা করতে পেরেছি। সেটা ৫০টা সোনা জিতেই হোক, আর ১৬টাই হোক। যদি বলতে পারি, যা চেয়েছি, তার সবটাই করতে পেরেছি, আর কিছু আমার চাই না।’ এএফপি, ওয়েবসাইট।