ফেল্প্স চতুর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই ধরেই সুইমিংপুলে সময়টা ভালো যাচ্ছে না মাইকেল ফেল্পেসর। তবে পেছনের দিকে নয়, বেইজিং অলিম্পিকে ৮ সোনা জয়ের অনন্য রেকর্ড গড়া ফেল্প্স তাকিয়ে আছেন লন্ডন অলিম্পিকের দিকে। লন্ডন অলিম্পিকেও ‘ফেল্প্স-ঝড়’ তোলার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তিনি।ফেল্পেসর মতো বিশ্ব সাঁতারের বিস্ময় যখন বলছেন, আস্থা রাখাই যায়। কিন্তু এই কি তার নমুনা? ২০০ মিটার ব্লাটারফ্লাই তাঁর অন্যতম প্রিয় ইভেন্ট। সেখানেই কিনা ফেল্প্স চতুর্থ! সেটাও আবার ঘরের প্রতিযোগিতা মিশিগান গ্রাঁ প্রিঁতে। ফেল্পেসর চতুর্থ হওয়াটা বিস্ময়ের। তবে প্রথম হওয়া নামটিও কম বিস্ময়ের নয়। ফেল্প্সদের পেছনে ফেলে সোনা জিতেছেন চীনের উই পেং, সময় নিয়েছেন ১ মিনিট ৫৬ দশমিক ৬২ সেকেন্ড। ফেল্প্স সময় নিয়েছেন ১ মিনিট ৫৭ দশমিক ৭৯ সেকেন্ড! ১ মিনিট ৫৭ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে পোলান্ডের মার্চিন সিয়েসলাক দ্বিতীয় এবং ১ মিনিট ৫৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে টেলার ক্ল্যারি তৃতীয়।ফেল্প্সকে পেছনে ফেলে সোনা জেতার জন্য অন্য রকম একটা তৃপ্তিও পাচ্ছেন উই পেং। এই সাফল্যে চীনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলে ঠাঁই পাওয়া প্রায় নিশ্চিত করে ফেললেন উই পেং। এ বছরের শেষ দিকে চীনের সাংহাইয়ে বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর।হতাশ ফেল্প্স টুর্নামেন্টটিকেই বলেছেন ‘বেদনাদায়ক’। যদিও ৫৪ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা জিতেছেন ঠিকই। গত শুক্রবার তিনি সোনা জিতেছেন ২০০ মিটার ফ্রি-স্টাইল এবং ১০০ মিটার ফ্লাইতেও।ফেল্প্স পাঁচ-পাঁচটি সোনা জিতেছেন গত মাসে ইন্ডিয়ানাপোলিস গ্রাঁ প্রিঁতেও। সব মিলিয়ে অবশ্য উচ্ছ্বসিতই ১৪টি অলিম্পিক সোনার মালিক ফেল্প্স, তবে নিজেকে আরও এগিয়ে নিতে চান, ‘সবকিছুই ঠিকমতোই এগোচ্ছে। এখন শুধু সময়ের ব্যাপার।’ এএফপি।