ফেল্প্সের মতোই বিদায় চান ফেল্প্স

গলায় পদক, মুখে তৃপ্তির হাসি। লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে সোনা জয়ের পর হয়তো তাঁর মনে হয়েছিল, আর কিছু পাওয়ার নেই! ওখানেই তাই দুর্দান্ত ক্যারিয়ারের শেষ বলে দিয়েছিলেন মাইকেল ফেল্প্স। কিন্তু জলের সঙ্গে যাঁর মিতালি, পুলের সঙ্গে যাঁর নাড়ির সম্পর্ক তিনি কি আর এভাবে সাঁতার ছাড়তে পারেন! বছর দুয়েক না যেতেই মনে হলো, সুইমিংপুল তাঁকে ডাকছে।
সেই ডাকে সাড়া দিয়ে ফেল্প্স ফিরেছেন। শুধু ফিরেছেন বলাটা ভুল হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন রিও অলিম্পিকে। এবার হয়তো আর অবসরের ঘোষণা দিয়ে ফিরতে চাইবেন না সর্বকালের সেরা এই অলিম্পিয়ান। বয়স ৩১ হয়ে গেছে, চালিয়ে যাওয়া সম্ভব বলেও মনে হয় না। তার মানে রিওতেই শেষ ফেল্প্সের। আর শেষটা রাঙিয়ে যাওয়া ইচ্ছে কার না হয়!
চার বছর আগে যাঁর মনে হয়েছিল—আর কিছু পাওয়ার নেই, সেই ফেল্প্সের এই অলিম্পিকে কি আসলেই নতুন কিছু পাওয়ার আছে? আগের চার অলিম্পিক থেকে ১৮টি সোনাসহ ২২টি পদক। রুশ জিমন্যাস্ট লারিসা লাতিনিনার ১৮ পদকের রেকর্ড ভেঙে দিয়েছেন লন্ডনেই। ওই অলিম্পিকের পরই তাঁকে ‘মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার’ খেতাবও দিয়েছে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ফিনা)। কিন্তু এরপরও নাকি ফেল্প্সের মনে হয়েছে, লন্ডনে তিনি সেরাটা দিতে পারেননি!
রিওর প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে তাই বললেন, ‘“ইশ্, যদি এমন হতো”—এ রকম কোনো অনুভূতি নিয়ে আমি শেষ করতে চাই না। আমার পুরো পথ চলাটাই অসাধারণ ছিল। এই খেলাটার প্রেমে পড়া এবং আবারও এর কাছে ফিরে আসা। আমি সব সময় চেয়েছি নিজের মতো করে শেষ করতে।’
নিজের মতো করে শেষ করতে চান বলেই গত কয়েক বছরে নিজেকে তৈরিও করেছেন। নিজেকে বদলেছেনও অনেকে। নৈশক্লাব আর পার্টির নেশা ছিল। ওই করতে গিয়েই ২০১৪ সালে মাতাল অবস্থায় গতিসীমা ভেঙে গাড়ি চালিয়ে গ্রেপ্তারও হন ফেল্প্স। সুইমিংপুলে নিষিদ্ধ হন ছয় মাসের জন্য। কিন্তু ভুল থেকে শিক্ষা নিতেও ভুল করেননি ফেল্প্স। উদ্দাম জীবন ছেড়ে হয়ে যান পারিবারিক মানুষ। নিজের বাবার সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়া দিয়েছেন, গত মে মাসে তাঁর ঘর আলো করে এসেছে ছেলে বুমার। মানসিক এই প্রশান্তি ছাপ ফেলেছে ক্যারিয়ারেও। সব মিলিয়ে এ যেন এক অন্য ফেল্প্স।
রিওতে ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার মিডলেতেই বেশি মনোযোগী ফেল্প্স। সর্বশেষ তিন অলিম্পিকেই এই দুটি ইভেন্টে সোনা জিতেছেন। এর আগে টানা চার অলিম্পিকে নির্দিষ্ট কোনো ইভেন্টে সোনা জয়ের রেকর্ড রয়েছে শুধু লং জাম্পার কার্ল লুইস ও ডিসকাস থ্রোয়ার আল ওয়ের্তারের। ফেল্প্সের সামনে সুযোগ ওই অভিজাত তালিকায় নাম তোলার।
আর সেটি করতে পারলেই শুধু ফেল্প্সের বিদায়টা ফেল্প্সের মতো হবে! এএফপি।
অলিম্পিকে মাইকেল ফেল্প্স
সোনা রুপা ব্রোঞ্জ
২০০৪ এথেন্স ৬ - ২
২০০৮ বেইজিং ৮ - -
২০১২ লন্ডন ৪ ২ -
মোট ১৮ ২ ২