ফেল্প্সই আদর্শ, ফেল্প্সই প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলে কোসুকে হাগিনো, চোখে স্বপ্ন ফেল্‌প্‌সকে হারাবেন l এএফপি
পুলে কোসুকে হাগিনো, চোখে স্বপ্ন ফেল্‌প্‌সকে হারাবেন l এএফপি

উচ্চতা খুব বেশি নয়। ৫ ফুট ৯ ইঞ্চি। ৬ ফুট ৪ ইঞ্চির মাইকেল ফেল্‌প্‌সের তুলনায় কোসুকে হাগিনো খর্বাকৃতির। আর সাঁতারে লম্বা হওয়ার তো একটা বাড়তি সুবিধা আছেই। কিন্তু মানুষ যে তাঁর স্বপ্নের সমান বড়। নিজের স্বপ্ন দিয়েই তাই এই উচ্চতাগত বাধাটা জয় করতে চান হাগিনো। কী স্বপ্ন? রিও অলিম্পিকে সর্বকালের সেরা সাঁতারু ফেল্‌প্‌সকে হারানো!
রিও অলিম্পিককে রাঙিয়ে দিয়ে ক্যারিয়ারে যতি টানার কথা ভাবছেন ফেল্‌প্‌স। আর জাপানি সাঁতারু হাগিনো কিনা স্বপ্ন দেখছেন ফেল্‌প্‌সের বিদায়টাকে বিষাদময় করে তোলার!
স্বপ্ন দেখার এই সাহসটাও কিন্তু এমনি এমনি পাননি ২১ বছর বয়সী হাগিনো। ফেল্‌প্‌সকে তিনি হারিয়েছেনও। ২০১২ লন্ডন অলিম্পিকেই ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ব্রোঞ্জ জিতেছিলেন হাগিনো। একই ইভেন্টে তাঁর প্রতিদ্বন্দ্বী ফেল্‌প্‌স হয়েছিলেন চতুর্থ। একবার যেহেতু পেরেছেন, আবার কেন নয়! হাগিনোও তাই আত্মবিশ্বাসী, ‘চার বছর আগের অলিম্পিকের চেয়ে এখন আমি অনেক পরিণত। এবার আমার লক্ষ্য ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জয়।’

এবার অবশ্য ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্‌প্‌স থাকছেন না। সর্বকালের সেরা অলিম্পিয়ানের ব্যক্তিগত তিনটি ইভেন্ট—১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে। শেষ ইভেন্টটিতে ফেল্‌প্‌সের সঙ্গে লড়বেন হাগিনো। জাপানিরা তো এরই মধ্যে এই ইভেন্টটাকে ‘ফেল্‌প্‌স বনাম হাগিনো’ হিসেবে দেখতে শুরু করেছে। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে এই বছরের সেরা টাইমিংটাও হাগিনোর। টোকিওতে গত এপ্রিলে জাপান সাঁতার মিটে তাঁর সময় লেগেছিল ১ মিনিট ৫৫.০৭ সেকেন্ড। সব মিলিয়ে হাগিনোর চোখে বিশাল স্বপ্ন। এটির জোরেই শারীরিক বাধাটাও জয় করতে পারবেন বলে আত্মবিশ্বাসী ২০১৪ সালের বিশ্বসেরা এই সাঁতারু, ‘ফেল্‌প্‌স-লোক্‌টিদের হাত স্বাভাবিকভাবেই আমার চেয়ে বড়। আশা করছি, মানসিক শক্তি আর টেকনিক দিয়ে আমি এই জায়গায় ওদের সঙ্গে লড়তে পারব।’

সুইমিংপুলে প্রতিপক্ষ হলেও এমনিতে হাগিনো ফেল্‌প্‌সের বড় ভক্ত। ছোটবেলায় ফেল্‌প্‌সে মুগ্ধ হয়েই সাঁতারু হওয়ার ইচ্ছা হয়েছিল। তাঁকেই আদর্শ মেনে বড় হয়েছেন। সেই মুগ্ধতা যে এখনো কাটেনি, তাও রাখঢাক না করেই বললেন হাগিনো, ‘তাঁর বিপক্ষে লড়াইটাও গর্বের ব্যাপার। বেইজিংয়ে তিনি যখন ৮টা সোনা জেতেন, আমি সেটি টেলিভিশনে দেখেছিলাম। যদি আমি তাঁকে হারিয়েও দিই, আমার পক্ষে কখনোই ফেল্‌প্‌স হওয়া সম্ভব না।’

জাপানি সংবাদমাধ্যম অবশ্য হাগিনোর শেষ কথাটাকে কেবল বিনয় হিসেবেই দেখছে! এএফপি।