ফেসবুকে ক্যাসিয়াসের জবাব
ঝড় আপাতত স্তিমিত। তবে নতুন করে যেন সেটা আর না ওঠে, এ কারণেই হয়তো গুঞ্জনের সব মেঘ তাড়িয়ে দিলেন ইকার ক্যাসিয়াস। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর কথিত ‘দ্বন্দ্ব’, রোনালদোর জয় এনে দেওয়া গোলের পরও খুশিতে উদ্যাপন না করে পাথরমূর্তি হয়ে থাকা, হোসে মরিনহোর সঙ্গে সমস্যা, দলের ভেতরের স্পর্শকাতর খবর মিডিয়ায় পাচার করে দেওয়া—সব গুঞ্জনেরই জবাব দিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। সংবাদমাধ্যমের ওপর খানিকটা ক্ষুব্ধ বলেই হয়তো জবাব দিতে ক্যাসিয়াস আশ্রয় নিলেন ফেসবুকের।নিজের অফিশিয়াল পেজে ‘সন্ত’ ক্যাসিয়াস লিখেছেন, ‘সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু বিতর্কে আমাকে জড়ানো হয়েছে। যেমন আমি গোল উদ্যাপন করিনি, কারণ আমার মন খারাপ ছিল (আমার কাছের মানুষেরা জানেন, আমি যদি এমন কোনো গোল হজম করি, যে গোলটা আমি হয়তো ঠেকিয়েও দিতে পারতাম, তখন আমার মেজাজ খিঁচড়ে থাকে)। অনেকে বলেছে, আমি আমার সতীর্থ ক্রিস্টিয়ানোর পাশে দাঁড়াই না (আমি ওর খেলার ভীষণ ভক্ত)। আবার এমনও বলা হয়েছে, আমি ঘরের খবর ফাঁস করে দিই (শীর্ষ একটি ক্লাবে ১৩ বছর কাটিয়ে দেওয়ার পর এমন অভিযোগ কীভাবে যে ওঠে!)।’ কোচ মরিনহোর সঙ্গে তাঁর সম্পর্ক ঠিকই আছে দাবি করে রিয়াল গোলরক্ষক লিখেছেন, ‘আমি সবচেয়ে বেশি সম্মান যে লোকটাকে করি তিনি আমার কোচ, যিনি আমাদের ক্লাবটাকে সাফল্যের ধারায় ফিরিয়েছেন।’ শেষ করেছেন সমর্থকদের প্রতি ‘বাণী’ দিয়ে, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি আপনাদেরই সবচেয়ে বেশি ভালোবাসি। মনে রাখবেন, আমার হূদয়ে আপনারাই।’ ওয়েবসাইট।