ফেসবুকে বার্সার ভক্ত পাঁচ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ কোটি অনুসারী পূর্ণ হওয়ার খবরটা ফেসবুকে মহা সমারোহেই জানিয়েছে বার্সেলোনা
পাঁচ কোটি অনুসারী পূর্ণ হওয়ার খবরটা ফেসবুকে মহা সমারোহেই জানিয়েছে বার্সেলোনা

বার্সেলোনা ফুটবল ক্লাবটা যদি কোনো দেশ হতো, তাহলে জনসংখ্যার হিসাবে তার অবস্থান হতো ২৭তম! অদ্ভুত লাগতে পারে কথাটা। কিন্তু ফেসবুকের হিসাব সেটাই বলছে। বিশ্বজুড়ে কাতালান ক্লাবটির কোটি কোটি ভক্ত আছে। এদের মধ্যে ফেসবুকেই ভক্তের সংখ্যা ছাড়িয়ে গেল পাঁচ কোটির ঘর। বিশ্বের প্রথম ক্লাব হিসেবে ফেসবুকে এ পাঁচ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছে বার্সা।

ফেসবুক অনুসারীর হিসাবে বার্সেলোনার সবচেয়ে বেশি ভক্ত আছে ইন্দোনেশিয়ায় (৪৭ লাখ ৩০ হাজার)। এর পরই আছে মেক্সিকো (৩৫ লাখ), ব্রাজিল (২৫ লাখ), যুক্তরাষ্ট্র (২১ লাখ) ও তুরস্কে (১৭ লাখ ৫০ হাজার)। বার্সেলোনাই যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব, সেটাই এই নতুন মাইলফলকের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বার্সেলোনার প্রযুক্তিবিষয়ক পরিচালক ডিদেক লি। সেই সঙ্গে এই বিপুল পরিমাণ সমর্থকের প্রত্যাশা পূরণের জন্যও যে সবাইকে সচেতন হতে হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘বিশ্বের প্রথম ক্লাব হিসেবে পাঁচ কোটি ফেসবুক অনুসারী পাওয়া সত্যিই গৌরবের ব্যাপার। তবে একই সঙ্গে আমাদের এই সমর্থকদের প্রত্যাশার প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।’

বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ফেসবুক অনুসারী চার কোটি ৬৭ লাখ। তবে ফেসবুকে ক্রীড়াজগতের অন্যান্য ক্লাবের চেয়ে এগিয়ে থাকতে পারলেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের চেয়ে এখনো বেশ পিছিয়েই আছে বার্সা। ফেসবুকে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী রিয়ান্নার অনুসারী আট কোটি ২০ লাখ। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের প্রেমিকা, কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার অনুসারী আছে সাত কোটি ৭০ লাখ। বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির ফেসবুক অনুসারী পাঁচ কোটি ২০ লাখ। এই জায়গায় অবশ্য মেসি বেশ পিছিয়ে আছেন রোনালদোর চেয়ে। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফরোয়ার্ডের ফেসবুক অনুসারী প্রায় সাত কোটি!