ফোরলানের পেট খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ে দলের ওপর থেকে কালো মেঘ যেন সরছেই না। সুয়ারেজ বেশ কদিন ধরেই হাঁটুর চোট নিয়ে দলের বাইরে। দলে ‘ফিরবেন ফিরবেন’ বলে রব উঠলেও এখনো শঙ্কার মেঘ কাটেনি। এরই মধ্যে দুঃসংবাদ, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ফোরলান অসুস্থ হয়ে পড়েছেন। শঙ্কা এখন দুই তুরুপের তাস সুয়ারেজ আর ফোরলান দুজনই কি থাকবেন দলের বাইরে? ব্রাজিলের সেতে লাগোয়াসে বেস ক্যাম্প করেছে উরুগুয়ে৷ সেখানেই বুধবার দলের অন্যরা যখন অনুশীলন করছিলেন, ডিয়েগো ফোরলান ছিলেন জিমে । উরুগুয়ে দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘পেটের পীড়ায় সকাল থেকেই অসুস্থ ফোরলান। প্র্যাকটিস সেশনে মাঠে না নামলেও জিমে ছিল সে।’ পেট খারাপ হলো কেন সেটি অবশ্য জানা যায়নি৷ খাদ্যে বিষক্রিয়া নয় তো! ব্রাজিলিয়ানরা আগেই ‘মারাকানাজো’য় আক্রান্ত হয়ে কিছু ঘটায়নি তো?
তবে সমস্যাটা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন মুখপাত্র। শনিবার উরুগুয়ের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ মধ্য আমেরিকার দল কোস্টারিকা৷ তার আগে মাঠে ফিরবেন ফোরলান, আশা উরুগুয়ের। এএফপি।