ফোন ধরেননি ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তাঁর অনেক দিনের দোস্তি। সেই বন্ধুত্বে যে চিড় ধরেছে সেটা অনুমান করে নিতে কষ্ট হয় না। বরং এই আশঙ্কা এখন ভিড় করছে, ম্যারাডোনার দরজা হয়তো চিরতরে বন্ধ হয়ে গেল তাঁর জন্য। সার্জিও বাতিস্তার ফোনই যে ধরছেন না ম্যারাডোনা!‘আমি ওকে দুবার ফোন করেছিলাম। না, আমাদের পেশার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বন্ধুত্বের খাতিরেই ফোন করে জানতে চেয়েছিলাম, ও কেমন আছে, কী করছে। কিন্তু ওর দিক থেকে কোনো সাড়াই পেলাম না’—এক স্প্যানিশ পত্রিকাকে বলেছেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ।গত জুলাইয়ে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়েছেন বাতিস্তা। সহকারীদের রাখা না-রাখা দিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে বনিবনা না হওয়ায় সেখানেই শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার কোচ হিসেবে ম্যারাডোনার বছর দেড়েকের পথচলা। আগামী ডিসেম্বরের আগে নতুন কোনো স্থায়ী কোচ নিয়োগ দেবে না বলে জানিয়েছে এএফএ। এই সময়টায় গত অলিম্পিকে সোনা জেতা কোচ বাতিস্তার কাঁধেই ভার থাকবে দলের।কিন্তু বোঝাই যাচ্ছে, বাতিস্তার দায়িত্ব নেওয়াটা ম্যারাডোনার পছন্দ হয়নি। ফেডারেশনের সঙ্গে টানাপোড়েনের সময় তাঁর শিবির থেকে এমনও মন্তব্য উঠেছিল, বিদায় নিতে হলে ম্যারাডোনার সব সহকারীদেরই বিদায় নিতে হবে। কার্লোস বিলার্দো তা না করায় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন ম্যারাডোনা। সেদিক দিয়ে বাতিস্তাও ‘বিশ্বাসঘাতক’। কারণ তিনিও তো ম্যারাডোনার পাশে না দাঁড়িয়ে কাজ করছেন এএফএর হয়ে।বাতিস্তা অবশ্য জানাচ্ছেন, ‘আমার সঙ্গে ম্যারাডোনা কিংবা আর্জেন্টিনার কোনো কোচের সঙ্গেই কোনো সমস্যা নেই। আমি সব কোচের সঙ্গেই দেখা করে দল সম্পর্কে তাঁদের মত নিতে চাই। সবচেয়ে বেশি চাই ডিয়েগোর কাছ থেকেই। তবে আবারও বলছি, আমি ফোন পেশাদারি আগ্রহ থেকে করিনি। সেটা অন্য এক সময় করা যাবে। আমি ফোন করেছিলাম ব্যক্তিগত, মানবিক দিক দিয়ে। হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলতে চাই।’তিন দিন পরেই আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। বুয়েনস এইরেসের ওই ম্যাচে দল দারুণ কিছু করলেই নাকি চাকরি পাকা হয়ে যাবে বাতিস্তার। ‘অন্তর্বর্তী কোচ’ থাকার সময় ম্যারাডোনা ফোনই ধরছেন না তাঁর, ‘স্থায়ী’ হয়ে গেলে কী যে করেন! ওয়েবসাইট।