নতুন চূড়ায় উঠলেন ডিয়েগো ফোরলান। পেছনে ফেললেন বাবা পাবলোর ক্লাব-সতীর্থ রোদোলফো রদ্রিগেজকে। উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এখন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের। কাল কোপায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল ফোরলানের ৭৯তম। দুইয়ে নেমে গেলেন ১৯৭৬ থেকে ১৯৮৬ পর্যন্ত ৭৮টি ম্যাচে উরুগুয়ের গোলপোস্ট সামলানো রদ্রিগেজ। তবে উরুগুয়ের মতো এমন ঐতিহ্যবাহী ফুটবল দেশের জন্য সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটিকে অনুজ্জ্বলই বলতে হবে। বিশ্বকাপজয়ী বাকি সাতটি দেশের রেকর্ড দেখুন—জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ১৫০টি (লোথার ম্যাথাউস), আর্জেন্টিনার ১৪৪ (হ্যাভিয়ের জানেত্তি), ব্রাজিল ও ফ্রান্সের ১৪২ (কাফু ও লিলিয়াম থুরাম), ইতালির ১৩৬ (ফ্যাবিও ক্যানাভারো), স্পেনের ১২৬ (আন্দনি জুবিজারেতা) ও ইংল্যান্ডের ১২৫ (পিটার শিলটন)। এঁদের মধ্যে ফোরলানের মতো জানেত্তি, জুবিজারেতা ও শিলটনও কখনো বিশ্বকাপ জেতেননি।