ফোরলান বনাম কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কবে, কোন কালে তাদের পূর্বপুরুষেরা ছিল জলদস্যু। এখনো ওই অপবাদ মাথায় বয়ে বেড়াতে হয়। উঁচু স্বরে এ কথা বলার সাহস কারও অবশ্য নেই। খুবই নিচু স্বরে, ফিসফাস করে দু-একজন ওটা এখনো বলেন ডাচদের।কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে ব্রাজিল শেষ হওয়ার পর মিক্সড জোনে এই প্রতিবেদককে এক প্রান্তে ডেকে নিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মার্টিন ফুকস। দুদলের খেলোয়াড়েরা তখনো আসতে শুরু করেননি। একটু অবসর পাওয়া গেল। আড্ডা জমানোর সুযোগ তবু নেই। কিন্তু মার্টিন বেশ আড্ডার মেজাজে, ‘কী, তোমাকে বলেছিলাম না, ডাচ জলদস্যুরা মারাত্মক! দেখলে তো!’জলদস্যু! ওয়েসলি স্নাইডারের ছোটখাটো পলকা একটা শরীর, আরিয়েন রোবেন উচ্চতায় একটু বেশি। কিন্তু বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারও হালকা-পাতলা। দুধে আলতায় মেশানো গায়ের রঙের ফন পার্সিও মোটেই দস্যুসুলভ নন। ডির্ক কিউটকেও কি তা বলা যায়! কিন্তু মাত্রই ৪৫ মিনিটের ঝড়ে তাঁরা যেমন করে ব্রাজিলের স্বপ্ন কেড়ে নিলেন, তাতে মার্টিনের বলা ওই শব্দটা বেশ মানিয়ে গেল তাঁদের নামের পাশে।এবার তাঁদের সামনে উরুগুয়ে। উরুগুয়েকে তো একেবারে ছিঁড়ে খাওয়ার কথা হল্যান্ডের। আজ নিশ্চয়ই উরুগুয়ের ডান প্রান্তে দৌড় দিয়ে ঝড় তুলবেন আরিয়েন রোবেন। তারপর কাট করে ভেতরে ঢুকবেন, পায়ের জাদুতে নিমেষেই গোল করে আসবেন বায়ার্ন মিউনিখকে এবার ডাবল জেতানো স্ট্রাইকার। গতি মূল পুঁজি, পায়ে আছে জাদু, রিয়াল মাদ্রিদের ব্রাত্য জার্মানিতে গিয়ে স্নায়ুটাকেও করে নিয়েছেন শক্ত। প্রথম দুই ম্যাচ খেলতে দেয়নি ইনজুরি। প্রথম একাদশে প্রথম খেললেন দ্বিতীয় রাউন্ডে স্লোভাকিয়ার বিপক্ষে। সে ম্যাচেই প্রমাণ করলেন রোবেন নামের একজন ‘রবিনসন ক্রুসো’ আছেন ডাচ দলে। ব্রাজিলের বিপক্ষে জয়ের নায়ক অবশ্যই স্নাইডার, তবে নিশ্চয়ই একমত হবেন পার্শ্বনায়ক ওই রোবেনই।রোবেন আছেন, তাঁর পাশে আছেন ইন্টার মিলানের ট্রেবল জয়ের অন্যতম নায়ক স্নাইডার। এঁদের কেন্দ্র করে মাঝমাঠের ওপরের দিকটায় থাকবেন লিভারপুল স্ট্রাইকার ডির্ক কিউট। একমাত্র স্ট্রাইকার হিসেবে সবার সামনে রবিন ফন পার্সি। একটি গোল পেলেও পুরো ৯০ মিনিট খেলতে পারেননি কোনো ম্যাচ। আর্সেনালের পার্সিকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু কেন ফন ডার ভার্টকে বেঞ্চে বসিয়ে রেখে নামানো হয় তাঁকে? কোচ বার্ট ফন মারউইককে তাঁর নিশ্চয়ই কিছু দেওয়ার আছে। কে জানে, আজই সেই উপহার দেবেন কি না।হল্যান্ডের হাতে যখন আক্রমণের এতগুলো অস্ত্র, তখন উরুগুয়ের হাতে ডিয়েগো ফোরলান ছাড়া কে আছে? স্নাইডার ৪ গোল করে সোনার জুতার দিকে এগোচ্ছেন। ফোরলানের এক গোল কম। কিন্তু সত্যিকারের স্ট্রাইকারের চেহারা বলতেই তো অনেকের চোখে ভেসে উঠছে তাঁর ছবি। একটা গোল করে দুহাত দুদিকে ছড়িয়ে যেভাবে হাওয়ায় লাফ দিচ্ছেন, সেটি গোল উদ্যাপনের অন্যতম সেরা ভঙ্গি বলে চিহ্নিত এরই মধ্যে। তাঁর তিন গোলের দুটিই এই বিশ্বকাপের সেরার তালিকায় উঠে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ মিটার দূর থেকে ওই গোল, এরপর কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে ওই ফ্রি-কিক।ফোরলানকে শুধু গোল করলেই চলছে না, বইতে হচ্ছে পুরো দলের প্রত্যাশার ভারও। দল পিছিয়ে পড়েছে, সবাই আশায় থাকছে, ‘আমাদের ফোরলান আছে না, হয়ে যাবে।’ হয়ে যাচ্ছেও। একাই একটা দলকে টেনে নিয়ে এলেন সেমিফাইনালে। উরুগুয়ের অর্ধশতাব্দী প্রাচীন খ্যাতির কঙ্কালে প্রাণ জাগিয়ে তুললেন আবারও। গায়ে ১০ নম্বর জার্সি, তিনিই এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা দশ। হ্যাঁ, ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ধরেই।ভুলে যাবেন না অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার দুবার ইউরোপের সোনার জুতা জয়ী স্ট্রাইকার। এবার স্পেনের ওই দলটিকে জিতিয়েছেন ইউরোপা লিগ। ওয়েস্টার্ন ছবির নায়কের মতো সোনালি চুলের এই স্ট্রাইকার সেমিফাইনালেও নায়ক হয়ে উঠতে পারেন।ছোটখাটো নায়কের ভূমিকায় এরই মধ্যে অভিনয় করা হয়ে গেছে। একটা মিউজিক ভিডিওতে, যেখানে তাঁর পাশে ছিলেন আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেজ। সেমিফাইনালে নায়ক হলে নিশ্চিত করেই আরও বড় পর্দা তাঁকে ডাকবে। তখন পার্শ্বনায়ক হিসেবে কাকে চাইবেন তিনি? কাকাকে, না মেসিকে? হতেই পারে। পুরো লাতিন আমেরিকার গর্বের নায়কই যে হবেন তখন!