ফোরলান বাঁচালেন উরুগুয়েকে
ক্যারিয়ারের শততম ম্যাচটা খুব ভালোভাবেই উদযাপন করলেন ডিয়েগো ফোরলান। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই গতকাল নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। নিজে করেছেন দলের পক্ষে জয়সূচক গোলটি। তার আগে উরুগুয়ের প্রথম গোলটির কারিগরও ছিলেন গত বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই খেলোয়াড়।আফ্রিকার কোনো দেশের বিপক্ষে কখনো হারের মুখ দেখতে হয়নি উরুগুয়েকে। গতকালও এই মর্যাদাটা অক্ষুণ্ন্ন রাখতে পেরেছেন ফোরলান-সুয়ারেজরা। প্রথমার্ধের ১৯ মিনিটে ফোরলানের ক্রস থেকে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে দেন অধিনায়ক ডিয়েগো লুগানো। এরপর আস্তে আস্তে খেলায় ফেরে নাইজেরিয়া। ৩৭ মিনিটে সমতা ফেরান মিকেল ওবি। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা যায় উরুগুয়ের আক্রমণভাগের তিন সেনানী ফোরলান, সুয়ারেজ আর এডিনসন কাভানির অসাধারণ সমন্বয়। ৫১ মিনিটের এই গোলটা দিয়েই তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে, কেন তাঁদের সমঝে চলতে হয় যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগকে। মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে কাভানির উদ্দেশে পাস দিয়েছিলেন সুয়ারেজ। পেনাল্টি বক্সের বাইরে থেকে আলতো টোকায় কাভানি সেটি বাড়িয়েছিলেন দ্রুতগতিতে এগিয়ে আসা ফোরলানের দিকে। গতি না কমিয়েই জোরালো এক শটে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে দেন ফোরলান।স্পেনের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে কনফেডারেশনস কাপ শুরু করেছিল উরুগুয়ে। সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে তাই জয়ের কোনো বিকল্প ছিল না কোপা আমেরিকা শিরোপাজয়ীদের। বাঁচা-মরার এই লড়াইয়ে ২-১ গোলের জয় দিয়ে সেমিফাইনালের পথে অনেকখানিই এগিয়ে গেল তারা। এখন গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নবাগত তাহিতির বিপক্ষে। কোনো ধরনের অঘটন না ঘটলে এই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারবেন ফোরলানরা। অন্যদিকে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে জিততে হবে বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে উরুগুয়ে যেন তাহিতির জালে খুব বেশিবার বল জড়াতে না পারে। সুপার ইগলদের কাজটা যে বেশ কঠিন, সেটা নিঃসন্দেহেই বলা যায়।— রয়টার্স