ফোরলান ব্রাজিলে
বয়স এখন ৩৩, নিজের সেরা সময় পার করে এসেছেন আগেই। ইন্টার মিলানে ফর্মের সঙ্গে যুঝতে থাকা ডিয়েগো ফোরলান তাই ঠিকানা বদলের সিদ্ধান্ত নিলেন। তবে ইউরোপে নয়, তাঁর নতুন ঠিকানা হতে যাচ্ছে আরেক ‘ইন্টার’, ব্রাজিলের ইন্টারন্যাসিওনাল। ক্লাবটির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে গত বিশ্বকাপের সোনার বল বিজয়ী তাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিন বছরের জন্য। পোর্তো আলেগ্রেতে গতকালই তাঁর চলে যাওয়ার কথা। তবে তাঁর পরিচিতি অনুষ্ঠান আজ। ফোরলান অবশ্য তাঁর বাবার পদাঙ্কই অনুসরণ করলেন। ব্রাজিলের সাও পাওলো ও ক্রুজেরোতে সাত বছর খেলেছিলেন ফোরলান সিনিয়র। কদিন আগেই ডাচ মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফ খেলেছেন ব্রাজিলের আরেক ক্লাব বোটাফোগোতে। তাঁর পথ ধরেই ফোরলানের ব্রাজিলে ঠাঁই গাড়া। ফোরলানকে ছেড়ে পালের্মোর আর্জেন্টাইন ডিফেন্ডার মাতিয়াস সিলভেস্ত্রেকে ৮০ লাখ ইউরোয় কিনেছে ইন্টার মিলান। কদিন আগেই জুভেন্টাসে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিওর শূন্যতা ঢাকতেই এই বিনিয়োগ। ওয়েবসাইট।