ফোরলানকে চায় ম্যারাডোনার ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে যোগ দিয়েই দুবাইয়ের আল ওয়াসল ক্লাবকে বিশ্ব ফুটবলের আলোচনায় নিয়ে এসেছেন ডিয়েগো ম্যারাডোনা। অখ্যাত এই ক্লাবটিতে যোগ দিতেই নাকি অনেক ফুটবলার মরিয়া হয়ে উঠেছেন। তবে আর্জেন্টাইন এই কিংবদন্তির নজর কিন্তু অনেক উপরে। মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ক্লাবটি দলে ভেড়াতে চাচ্ছে বিশ্বকাপের গোল্ডেন বুট-জয়ী ডিয়েগো ফোরলানকে।কয়েক দিন আগে আল ওয়াসলের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর আবার একটা প্রস্তাব পাঠানো হয়েছে বলে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে। আগামী সপ্তাহেই নাকি ফোরলানের দুবাইয়ে আসার কথা। কিন্তু এখন অ্যাটলেটিকো মাদ্রিদের একটা জবাবের জন্য অপেক্ষা করছে তারা।ক্লাবের প্রধান নির্বাহী আশরাফ আহমেদ মোহাম্মদ সম্প্রতি গাল্ফ নিউজকে বলেছিলেন, ‘ফোরলান খুবই দুর্দান্ত খেলোয়াড়। তাঁকে দলে ভেড়ানোর জন্য আমরা কাজ করছি। তবে আপাতত আমরা এখানকার সেরা খেলোয়াড়দের এক জায়গায় করতে চাই। কারণ এটা দেশের একটা প্রধান দাবি।’এখনো আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব পালন শুরু করেননি ম্যারাডোনা। তবে এরই মধ্যে তিনি দলের বৈশিষ্ট্যগুলো খেয়াল করা শুরু করেছেন। ম্যাচের ভিডিওগুলো দেখে দেখে তিনি দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন। মোহাম্মদ বলেছেন, ‘তিনি জানেন যে আমরা চিলির মিডফিল্ডার এডসন পাচের সঙ্গে চুক্তি করেছি। তিনি ফ্রান্সিসকো ইয়েস্ট ও মোহাম্মদ শাইবার খেলাও দেখেছেন। এখন তিনি একজন ভালো স্ট্রাইকারের কথা বলেছেন। আর আমরা তাঁকে এই সুযোগটা দিতে চাই।’ রয়টার্স।