
অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন। বয়স হয়ে গেছে ৩৪, আগের সেই ক্ষিপ্রতা নেই। জাতীয় দলেও অনেকটা ব্রাত্য হয়ে পড়েছিলেন সোনালি চুলের স্ট্রাইকার। গত দুই বছরে দেশের হয়ে মাত্র এক গোল ফোরলানের পাশে একদমই বেমানান। কিন্তু ফোরলান সাড়ম্বরে জানিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটা ছিল আন্তর্জাতিক ফুটবলে নিজের শততম। এক গোল করে ও আরেকটি করিয়ে স্মরণীয় করে রাখলেন উপলক্ষটা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে উরুগুয়ে এখন কনফেডারেশনস কাপের সেমিফাইনালেরই ডাক শুনছে।
প্রথম একাদশে ফোরলান, সুয়ারেজ, কাভানি—যেকোনো প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলার মতো আক্রমণভাগ। তবে সুয়ারেজ, কাভানি গত পরশু একটু নিষপ্রভই ছিলেন। কিন্তু কিছুই টের পেতে দেননি উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা ফোরলান। ১৯ মিনিটে ফোরলানের ক্রস থেকে গোল করেন অধিনায়ক ডিয়েগো লুগানো। ৩৭ মিনিটে চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেলের দুর্দান্ত ফিনিশিং নাইজেরিয়াকে ফেরায় ম্যাচে।
৫১ মিনিটে উরুগুয়ের জয়সূচক গোলটা ছিল সুয়ারেজ-কাভানি-ফোরলান ত্রয়ীর মিলিত অবদান। সুয়ারেজের পাস থেকে কাভানি বল বাড়িয়ে দেন ফোরলানকে। তাঁর বাঁ পায়ের গোলার মতো শট ঠেকানোর সাধ্য ছিল না নাইজেরিয়া গোলরক্ষক ভিক্টর এনায়ামার। ম্যাচটাও শেষ হয়েছে সেই ২-১ ব্যবধানেই।
স্মরণীয় হয়ে থাকল মাইলফলক ছোঁয়ার ম্যাচটা, ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। কিন্তু ফোরলান ব্যক্তিগত অর্জনের চেয়ে জয়টাকেই দেখছেন বড় করে, ‘পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি গোল করার একটা সুযোগ পেয়েছিলাম। এটা দারুণ ছিল। কারণ দলকে জিততে হতো, যে ৩ পয়েন্ট দরকার ছিল সেটা আমরা পেয়েছি। গোলটা দারুণ ছিল, জয়টাও। সবকিছুই আসলে ভালো ছিল।’
ফোরলানময় জয়ের পর দীর্ঘদিনের ভরসাকে প্রশস্তিতে ভাসিয়েছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ, ‘ডিয়েগো ফোরলানের ক্যারিয়ারটা ঝলমলে। সবকিছুর ওপরে সে আদ্যন্ত পেশাদার। যেভাবে সে দুই পা ব্যবহার করে, যেভাবে বল নিয়ন্ত্রণ করে সে জন্যই সে একজন সেরা স্ট্রাইকার। আজও সে তার প্রতিভার ঝলক দেখাল, আর এ জন্যই সে এতগুলো ম্যাচ খেলতে পেরেছে।’
এই জয় উরুগুয়েকে সেমিফাইনালে তুলেই দিয়েছে বলা যায়। আগামীকাল শেষ ম্যাচে তাহিতির বিপক্ষে জয়টা নিশ্চিত, কয় গোলে জিতবে সেটাই প্রশ্ন। নাইজেরিয়ার জন্যই সমীকরণটা জটিল হয়ে গেল, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে হারাতে হবে স্পেনকে। সে কাজ সহজ নয়। নাইজেরিয়া কোচ স্টেফান কেশি অবশ্য আশা ছাড়ছেন না, ‘অবশ্যই এখনো আমাদের সুযোগ আছে। ৯০ মিনিটের খেলায় আপনি কিছুই বলতে পারেন না। এ জন্যই এটা একটা খেলা। শেষ মিনিট পর্যন্ত আমরা হাল ছাড়ব না। স্পেনের সঙ্গে যেকোনো কিছুই হতে পারে।’
পরাজয়ের জন্য কেশি দায়ী করেছেন অভিজ্ঞতার ব্যবধানকে, ‘উরুগুয়ের সঙ্গে আমাদের অভিজ্ঞতার ফারাক বিবেচনা করলে ছেলেরা যা করেছে তাতে আমি খুশি। ছয় বছর থেকে একত্রে খেলছে ওরা, যেখানে আমরা খেলছি মাত্র দেড় বছর থেকে।’ এএফপি।