ফোরলানের ইউরোপা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিনের কোনো চমকে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগ শিরোপা জিততে পারবে কি না, সেটা সময় বলে দেবে। যদি নাও পারে মাদ্রিদের লোকজনের দুঃখ করার কারণ নেই। অন্তত একটা ট্রফি তো শহরে এল!মাদ্রিদবাসীর জন্য প্রথম ইউরোপা লিগের শিরোপা জিতে এনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে উয়েফা কাপ নামে পরিচিত ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতার শিরোপাটা মাদ্রিদে এনে দিলেন অবশ্য একজন উরুগুইয়ান—ডিয়েগো ফোরলান। টানা অবহেলার শিকার হতে হতে ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পালিয়ে বেঁচেছিলেন ফোরলান। সেই ফোরলান একাই দুই গোল করে হামবুর্গের ফাইনালে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ডেরই ক্লাব ফুলহামকে। ২-১ গোলে জেতা এই ম্যাচে প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। এর পর সমতায় ফেরা ফুলহামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি অতিরিক্ত সময়ের ১৬ মিনিটে। ৪৮ বছরের মধ্যে অ্যাটলেটিকোকে প্রথম কোনো বড় ইউরোপিয়ান শিরোপা জেতানোর পর ম্যানইউতে সেই উপেক্ষার দিনগুলোকে মনে করেছেন ফোরলান, ‘ইউনাইটেডে আমার চারপাশে গ্রেট সব খেলোয়াড় ছিল। তাদের জন্য দলের হয়ে মাঠে নামাটাই কষ্ট হতো। আমি স্যার অ্যালেক্সকে বলেছিলাম, আমাকে ছেড়ে দিন। ছাড়া পেয়ে এখন অন্তত নিয়মিত ফুটবল খেলতে পারছি। আর তাতেই খুশি আমি।’মুখে বললেও ফোরলান শুধু খেলে খুশি নন। ম্যানইউ ছেড়ে আসার পর থেকে দারুণ সময় কাটাচ্ছেন এই স্ট্রাইকার। গত দুই মৌসুমে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকোর হয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এবার সেটা হয়তো মেসির কারণে হবে না। তাতেও দুঃখ নেই ফোরলানের, ‘গোল্ডেন শু জেতা নিশ্চয়ই ভালো। তার চেয়েও ভালো দলের হয়ে কিছু জেতা।’এর পর তো বিশ্বকাপেও কিছু করে দেখানোর পালা ফোরলানের। এএফপি।