ফোরলানের কোনো দুঃখ নেই
পেয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল। কিন্তু আর তিনজনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক হয়েও গোল্ডেন বুট না পাওয়ায় কি দুঃখিত নন ডিয়েগো ফোরলান? উরুগুয়ের সোনার ছেলে হাসিমুখে বলেছেন তিনি মোটেও দুঃখিত নন, ‘একজন খেলোয়াড় হিসেবে আপনার কাজ কঠিন পরিশ্রম করে যাওয়া। সুযোগ আসবেই। এটা সময়ের ব্যাপার...। তবে আমি এমন একটা পুরস্কার পেয়েছি যেটি পাওয়ার আকাঙ্ক্ষা আমার ছিল। এটা আসলে ফুটবলের প্রতি আমার ভালোবাসা আর শৃঙ্খলারই পুরস্কার।’ফোরলানের দুঃখ নেই জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ সেকেন্ডের ফ্রি-কিকে গোল না পাওয়ায়। বারে লেগে ফিরে এসেছিল বলটি। ওই গোলটি পেলে ফোরলান সর্বোচ্চ গোলদাতাও হতেন, ম্যাচটিও অতিরিক্ত সময়ে যেত (তখন উরুগুয়ে ২-৩ গোলে পিছিয়ে ছিল)। কিন্তু এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই, ‘এটা আমার ষষ্ঠ গোল হতে পারত। কিন্তু আমি মেরেই বুঝেছিলাম, বলটি হয় ওপর দিয়ে যাবে অথবা বারে লাগবে।’বিশ্বকাপের মাসটা শেষ না হতেই কলকাতা এসেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এসেছেন গত শুক্রবার, কিন্তু সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন ফোরলান পরশু। অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন। কথা বলতে হয়েছে কোয়ার্টার ফাইনালে লুইস সুয়ারেজের হ্যান্ডবল নিয়ে। ফোরলান-সতীর্থ সুয়ারেজকে সমর্থনই করেছেন, ‘ফুটবলে আপনি সব সময়ই গোল বাঁচাতে চাইবেন। সে (সুয়ারেজ) আমাদের ম্যাচটি বাঁচিয়ে দিয়েছিল। আমরা ওর জন্যই সেমিফাইনালে উঠেছি। ওর ওপর আমরা খুশি।’অনেক প্রসঙ্গের মধ্যে এল ফোরলানের ফুটবলার হয়ে ওঠার গল্পও। দাদা ফুটবলার, বাবা ফুটবলার—এমন এক ফুটবল-পরিবারে জন্ম নিয়েও ফোরলান চেয়েছিলেন টেনিস খেলোয়াড় হতে। ১২ বছর পর্যন্ত টেনিস র্যাকেটই তাঁর হাতে ছিল। কিন্তু একটি দুর্ঘটনা ঘুরিয়ে দেয় তাঁর জীবনের বাক।বড় বোন আলেজান্দ্রা ফোরলান গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। সেই দুর্ঘটনায় আলেজান্দ্রার বন্ধু সঙ্গে সঙ্গেই মারা যান, আর তিনি প্রাণে বেঁচে গেলেও হারিয়ে ফেলেন চলৎশক্তি।আলেজান্দ্রাকে বাঁচিয়ে রাখতে তখন দরকার ছিল অনেক টাকার। কিন্তু অত টাকা তখন তাদের ছিল না। কিন্তু বন্ধু পাবলো ফোরলানের (ফোরলানের বাবা) পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। একজন কিংবদন্তি ফুটবলারের এই মহত্ত্বই ফোরলানের মনে ফুটবলার হওয়ার বীজ বুনে দেয়। ফোরলান বুঝে যান ফুটবল মানে শুধু খেলা নয়, ফুটবল মানে জীবনও! তবে ফুটবলার হয়ে ওঠার পেছনে কার অবদান বেশি, এই প্রশ্নের উত্তরে ফোরলান সরাসরি তাঁর বোনের কথাই বলেছেন।এই বোনের জীবন বাঁচাতে ম্যারাডোনা যে সাহায্য করেছেন সেটাও স্বীকার করেছেন জোর গলায়, ‘ম্যারাডোনা আমার বোনের জন্য খেলতে এসেছিলেন। এটা তাঁর বদান্যতা। তবে আপাতত তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ নেই।’ ওয়েবসাইট।